
বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের যেকোনো ধরনের প্রকাশনা ও প্রচার-প্রচারণাও আইনত নিষিদ্ধ করা হয়েছে। বিষয়টি দেশের সকল গণমাধ্যমের গুরুত্বের সাথে বিবেচনায় রাখা উচিত বলে স্মরণ করিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধিদলের সাথে মতবিনিময় সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ২০২৫ সালের ১২ মে প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলোর সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়। ফলে দেশের কোনো গণমাধ্যম বা ডিজিটাল মাধ্যমে তাদের রাজনৈতিক বার্তা প্রচারের সুযোগ নেই। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, রাতের অন্ধকারে ঝটিকা স্লোগান বা বিচ্ছিন্নভাবে যানবাহনে আগুন দিয়ে পালানো সন্ত্রাসীদের মূল রাজনীতিই হলো ধ্বংসাত্মক। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে এবং ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, অগ্নিসন্ত্রাসের মূল হোতা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারে সোপর্দ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে আয়োজিত মতবিনিময় সভায় টিভি সম্প্রচার মাধ্যমের আধুনিকায়ন এবং সাংবাদিকদের পেশাগত সুযোগ-সুবিধা ও সুরক্ষা নিশ্চিতকরণ নিয়ে বিষদ আলোচনা হয়। বিএনপির নেতৃত্বাধীন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় সম্পূর্ণরূপে বিশ্বাস করে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার কোনো প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ার কাজে ন্যূনতম হস্তক্ষেপ করেনি এবং ভবিষ্যতেও করবে না।
সভায় বিজেসি প্রতিনিধিদলের সদস্যরা কেবল অপারেটরদের গ্রাহকপর্যায়ের সাবস্ক্রিপশন আয়ের একটি অংশ টেলিভিশন চ্যানেলগুলোকে দেওয়ার প্রস্তাব করেন, যা বিজ্ঞাপনাশ্রিত টিভি চ্যানেলগুলোর আর্থিক সংকট ও সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা নিশ্চিতে বড় ভূমিকা রাখতে পারে। এছাড়া বার কাউন্সিলের আদলে একটি স্বাধীন ‘গণমাধ্যম কমিশন’ গঠন এবং গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের জোর দাবি জানানো হয়। সরকার এ সকল প্রস্তাব লিখিতভাবে গ্রহণ সাপেক্ষে নীতিগত বিবেচনার আশ্বাস দিয়েছে।