
জনগণের কষ্টার্জিত অর্থে নির্মিত গ্রামীণ ও নাগরিক অবকাঠামোগুলো যেন টেকসই হয় এবং সাধারণ মানুষের প্রকৃত উপকারে আসে, সেদিকে খেয়াল রেখে কাজের শতভাগ গুণগত মান নিশ্চিত করার তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ঠিকাদারদের সাথে কেবল পেশাদার সম্পর্ক বজায় রেখে কোনো ধরনের শৈথিল্য না দেখিয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য তিনি নবনিযুক্ত প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী নবনিযুক্ত প্রকৌশলীদের উদ্দেশ্যে বলেন, কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ্যতা প্রমাণ করে আপনারা এলজিইডির মতো দেশের অন্যতম বৃহৎ প্রকৌশল সংস্থায় যোগ দিয়েছেন। সরকারের বিদ্যমান ব্যয় সংকোচন নীতির সাথে সংগতি রেখে মিতব্যয়ী মনোভাব নিয়ে মাঠপর্যায়ের উন্নয়ন কাজ পরিচালনা করতে হবে। একই সাথে সরকারি ক্রয় সংক্রান্ত আইন ও বিধিমালা (পিপিআর) নিখুঁতভাবে অনুসরণের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রকৌশলীদের দীর্ঘদিনের মূল দাবি প্রসঙ্গে মীর শাহে আলম আশ্বস্ত করে বলেন, এলজিইডিকে আনুষ্ঠানিকভাবে ক্যাডারভুক্ত করার বিষয়ে সরকারের পক্ষ থেকে অত্যন্ত আন্তরিকতার সাথে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। উক্ত ওরিয়েন্টেশন কোর্সে মোট ১৭৬ জন নবনিযুক্ত সহকারী প্রকৌশলীসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশ নেন।