
বাগেরহাটে চলন্ত একটি কলাবোঝাই পিকআপ ভ্যানের গতিরোধ করে তাতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাগেরহাট সদর উপজেলার মানিকতলা এলাকায় এই ঘটনা ঘটে। পিকআপে আগুন ধরিয়ে দিয়ে দুর্বৃত্তরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন সংশ্লিষ্ট বিভিন্ন পলিটিক্যাল স্লোগান দিয়ে দ্রুত পালিয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাতে কলাবোঝাই পিকআপ ভ্যানটি মানিকতলা এলাকা অতিক্রম করার সময় কয়েকটি মোটরসাইকেলে করে চার থেকে পাঁচজন অজ্ঞাতপরিচয় যুবক এসে সেটির গতিরোধ করে।
ক্ষতিগ্রস্ত পিকআপ চালকের দেওয়া তথ্যানুযায়ী, দুর্বৃত্তরা গাড়িটি থামানোর পরপরই ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই’ বলে রাজনৈতিক স্লোগান দিতে শুরু করে। একপর্যায়ে তারা পিকআপ ভ্যানের টায়ারে আগুন লাগিয়ে দিয়ে মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আকস্মিক এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন।
ওসি জানান, মানিকতলা এলাকায় পিকআপে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ অবিলম্বে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ নাশকতামূলক ঘটনায় কারা জড়িত, তা সিসিটিভি ফুটেজ ও অনুসন্ধানের মাধ্যমে শনাক্ত করার চেষ্টা চলছে। জড়িতদের গ্রেপ্তার করে আইনি আওতায় আনতে পুলিশ ইতোমধ্যে তদন্ত ও অভিযান শুরু করেছে।