রাজধানী ঢাকাসহ দেশজুড়ে চলমান ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও নাশকতামূলক ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা এবং সরকারের পরোক্ষ সহযোগিতার তীব্র অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ ছাড়া সারা দেশে একযোগে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয় উল্লেখ করে তিনি জানান, উদ্ভূত এই পরিস্থিতির দায় বর্তমান বিএনপি সরকার কোনোভাবেই এড়াতে পারে না।
মঙ্গলবার (১০ নভেম্বর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক জরুরি বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থক ও দুষ্কৃতকারীরা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং গণপরিবহনে আগুন দিয়ে জনজীবনের নিরাপত্তাকে চরম হুমকির মুখে ফেলছে। অতি সম্প্রতি মহাখালী, খিলগাঁও, পল্লবী, ফার্মগেট এবং আদালত প্রাঙ্গণসহ দেশের অন্তত ৫০টি স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
তিনি আরও উল্লেখ করেন, পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা অবরোধ, টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন এবং ফরিদপুরে বাসে অগ্নিসংযোগের ফলে কালাচাঁন শেখ নামে এক নিরপরাধ বাসচালকের নিহতের ঘটনা গভীর উদ্বেগের বিষয়। এত বড় বড় নাশকতার পরও গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর কোনো পদক্ষেপ দেখতে না পাওয়া বিস্ময়কর।
জামায়াত সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর 'জুলাই সনদ' বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং প্রয়োজনীয় রাষ্ট্রকাঠামো সংস্কার না করার সুযোগেই এই অপশক্তি পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার সাহস পাচ্ছে। বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী বারবার সরকারকে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসলেও সরকার তাতে কান না দিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে।
বিবৃতিতে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও সহিংসতা কঠোর হস্তে দমনে সরকারের প্রতি জোরালো দাবি জানানো হয়। অন্যথায় ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থান রুখতে এবং জনদাবি আদায়ে জামায়াতে ইসলামী রাজপথে নতুন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন গোলাম পরওয়ার। একই সাথে নাশকতায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার দাবি জানান তিনি।