
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) আবাসিক হলগুলোর ডাইনিংয়ের খাবারের নিম্নমান এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। খাবারের প্লেটে পোকা-মাকড়, তেলাপোকা ও সেদ্ধ টিকটিকি পাওয়ার মতো একের পর এক চাঞ্চল্যকর ঘটনা ঘটলেও প্রশাসন স্থায়ী কোনো সমাধান দিতে পারছে না।
সর্বশেষ সোমবার (৯ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে পরিবেশিত তরকারির মধ্যে তেলাপোকা পাওয়ার অভিযোগ করেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন। সারাদিনের ক্লান্তি শেষে রাতে খেতে বসে তরকারিতে তেলাপোকা দেখে তিনি ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ নিজের বাজে অভিজ্ঞতার কথা প্রকাশ করেন। এর ঠিক আগের দিন ৮ নভেম্বর সকালেও একই হলের ডাইনিংয়ের খিচুড়িতে পোকামাকড়ের লার্ভা পাওয়ার অভিযোগ করেছিলেন মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের আরেক শিক্ষার্থী।
এর আগে গত ২৭ অক্টোবর অগ্নিবীণা হলের ডাইনিংয়ে পরিবেশিত ভাতের মধ্যে সেদ্ধ টিকটিকি পাওয়ার অভিযোগ তোলেন শিক্ষার্থী আরেফিন তানভীর। এর রেশ কাটতে না কাটতেই ২৮ অক্টোবর একই হলের ডালের মধ্যে জীবন্ত তেলাপোকা পাওয়ার অভিযোগ জানান মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আমির হামজা। এসব ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়।
শুধু খাবারের মানই নয়, ডাইনিংগুলোর সার্বিক পরিচ্ছন্নতা নিয়েও রয়েছে গুরুতর অভিযোগ। সরেজমিন অনুসন্ধানে বিদ্রোহী হলের ডাইনিংয়ে অব্যবস্থাপনার চিত্র উঠে আসে। ডাইনিংয়ের মেঝেতেই কাঁচা মাছ পরিষ্কার করতে দেখা যায় কর্মচারীদের, যার ওপর ভনভন করছিল মাছি। তবে এ বিষয়ে ডাইনিং পরিচালকদের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। অগ্নিবীণা হলের ডাইনিং পরিচালক দাবি করেছিলেন, রান্নার সময় পাতিলের ঢাকনা খোলা থাকায় হয়তো ওপর থেকে টিকটিকি পড়েছে। আবার কখনো কখনো শিক্ষার্থীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে খাবারে তেলাপোকা রাখছেন বলেও ডাইনিং পরিচালকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
অগ্নিবীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ জানান, টিকটিকি পড়ার ঘটনায় ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সত্যতা মিললে ডাইনিং পরিচালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোশাররফ হোসেন বলেন, “দায়িত্বশীল পদে থেকে এ ধরনের অব্যবস্থাপনা কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি আমার নজরে এসেছে এবং খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”