
আদালত চত্বরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অশোভন আচরণ ও গালিগালাজের ঘটনা নিয়ে চারদিকে এখনো আলোচনা-সমালোচনা চলছে। শোবিজ অঙ্গনের বিভিন্ন তারকার পাশাপাশি এবার এই ঘটনায় নিজের অবস্থান স্পষ্ট করে মন্তব্য করেছেন দেশের অন্যতম আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম।
সোমবার (৯ নভেম্বর) রাতে টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী গরুর হাটে আয়োজিত মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলার এক অনুষ্ঠানে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে হিরো আলম এই প্রসঙ্গটি তোলেন।
গণমাধ্যমের শক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে হিরো আলম বলেন, “আজকে যদি মিডিয়া না থাকত, তাহলে আমি হিরো আলম আপনাদের সামনে আসতে পারতাম না। এই মিডিয়ার কারণেই আজকে আমি হিরো আলম হয়েছি।” সেলিব্রিটিদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের মাঝে যারা মিডিয়াপারসন আছেন, তাদের সবারই গণমাধ্যমকর্মীদের প্রতি সম্মান দেখানো উচিত। প্রথম সারির নায়িকা পরীমনি আপা সাংবাদিক ভাইকে যে গালিগালাজ করেছেন, এটা খুবই দুঃখজনক ও লজ্জাজনক।”
পরীমনিকে অনুরোধ জানিয়ে এই কনটেন্ট ক্রিয়েটর আরও বলেন, “আমরা চাই এই বিষয়ের দ্রুত অবসান হোক। পরীমনি আপা, আপনি সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চান। কারণ, যে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, সেই মিডিয়াই আপনাকে জিরোইনও বানাতে পারে! তাই আপনার কাছে অনুরোধ, এই ঘটনা নিয়ে দেশজুড়ে যে তোলপাড় চলছে, তার অবসান ঘটান এবং আর কোনো কাদা ছোড়াছুড়ি না করে ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে নিন।”
উল্লেখ্য, গত ৫ নভেম্বর আদালতের সামনে সংবাদ সংগ্রহকালে ছবি ও ভিডিও ধারণকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে পরীমনির বডিগার্ডদের ধস্তাধস্তি এবং পরবর্তীতে সাংবাদিককে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ ওঠে। এ ঘটনায় সুপ্রিম কোর্টের এক আইনজীবীর পক্ষ থেকে পরীমনিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে বিনোদন পাড়ায় তীব্র অসন্তোষ বিরাজ করছে।