
শারীরিক অসুস্থতা ও পায়ে ব্যান্ডেজ থাকা সত্ত্বেও সেবাপ্রত্যাশীদের নিরবচ্ছিন্ন সেবা দিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম। চিকিৎসকের কঠোর বিশ্রামের নির্দেশনা থাকলেও নিজের সরকারি বাসভবন বা ‘বাংলো কার্যালয়’ থেকেই অফিসের যাবতীয় জরুরি কাজ সম্পাদন করছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) সকালে নিজের অফিসিয়াল ফেসবুক আইডি ‘ইউএনও, মতলব দক্ষিণ, চাঁদপুর’ থেকে দেওয়া এক পোস্টে তিনি জানান, পায়ের গোড়ালির লিগামেন্টে চোটের কারণে অফিসে সশরীরে উপস্থিত হতে না পারলেও বাংলো কার্যালয়ে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম অব্যাহত রয়েছে। কোনো সেবাগ্রহণ বা দাপ্তরিক প্রয়োজনে জনগণকে অফিসের বদলে সরাসরি বাংলো কার্যালয়ে আসার অনুরোধ জানান তিনি।
উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর ব্যাডমিন্টন খেলতে গিয়ে ডান গোড়ালির লিগামেন্ট আংশিক ছিঁড়ে যায় কে এম ইশমামের। চিকিৎসকেরা তাঁকে টানা ২৮ দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিলেও পরদিনই অর্থাৎ ১৯ অক্টোবর থেকেই তিনি বাংলোতে বসে হুইলচেয়ার ও পায়ে ব্যান্ডেজ নিয়ে ফাইল স্বাক্ষর এবং মোবাইল ফোনের মাধ্যমে দাপ্তরিক দিকনির্দেশনা প্রদান করা শুরু করেন। এমনকি মাঝেমধ্যে হুইলচেয়ারেই আশপাশের এলাকার উন্নয়ন প্রকল্পগুলোর তদারক ও পরিদর্শন করছেন তিনি।
উল্লেখ্য, ইউএনও কে এম ইশমাম অতিরিক্ত দায়িত্ব হিসেবে মতলব পৌরসভার প্রশাসক এবং একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি পদ সামলাচ্ছেন। তাঁর বাংলোটি উপজেলা পরিষদ ভবনের ঠিক পেছনের অংশে অবস্থিত। রোব ও সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিদিনের মতো বহু সেবাপ্রত্যাশী মানুষ বাংলোতে ভিড় করছেন এবং ইউএনও ধৈর্য ও মনোযোগের সাথে তাদের সমস্যা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।
অসুস্থ শরীর নিয়ে সেবা দেওয়ার এই উদ্যমকে সাধুবাদ জানিয়েছেন মতলব পৌরসভার কর্মকর্তা ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা। এ বিষয়ে ইউএনও কে এম ইশমাম জানান, দূর-দূরান্ত থেকে আসা মানুষ যাতে প্রশাসনিক সেবা বঞ্চিত বা হয়রানির শিকার না হন, সেই নৈতিক ও দাপ্তরিক দায়িত্ববোধ থেকেই তিনি অবিরাম কাজ চালিয়ে যাচ্ছেন।