
আন্তর্জাতিক ফুটসালের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘উয়েফা ফুটসাল ফিনালিসিমা’-র ট্রফি উঁচিয়ে ধরল স্পেন। রোববার (৮ নভেম্বর) ব্রাজিলের নিতেরোই শহরের ‘অ্যারেনা নিতেরোই’-এ অনুষ্ঠিত জমজমাট ফাইনালে বর্তমান বিশ্ব ও দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন ব্রাজিলকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্প্যানিশরা।
অন্যদিকে টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী হাইভোল্টেজ ম্যাচে পর্তুগালকে ৩-১ গোলে পরাজিত করে ব্রোঞ্জ পদক জয় নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এর ফলে ফুটসাল ফিনালিসিমার এবারের আসরের সেরা তিনে জায়গা করে নিল লাতিন আমেরিকার দুই ঐতিহ্যবাহী ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা।
স্বাগতিক ব্রাজিলের মাঠে অনুষ্ঠিত ফাইনালে প্রথমার্ধে কোনো দলই প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙতে পারেনি। বিরতি থেকে ফিরে ম্যাচের গতি বাড়ায় স্পেন। খেলার ৩২তম মিনিটে আন্তোনিও পেরেজের চোখধাঁধানো পাস থেকে দুর্দান্ত গোল করে স্প্যানিশদের ১-০ ব্যবধানে এগিয়ে দেন ফরোয়ার্ড গন কাস্তেখন।
এক গোলে পিছিয়ে পড়ে ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে আক্রমণ শানায় স্বাগতিক ব্রাজিল। তবে স্প্যানিশ গোলরক্ষক দিদাকের দেয়ালসম পারফরম্যান্সে ভেস্তে যায় সেলসাওদের একাধিক সমতাসূচক প্রচেষ্টা। খেলার ৩৯তম মিনিটে ঝুঁকি নিয়ে ‘ফ্লাইং গোলকিপার’ কৌশল প্রয়োগ করে ব্রাজিল। কিন্তু সেই সুযোগ কাজে লাগিয়ে প্রতিপক্ষের খালি বলের নিয়ন্ত্রণ নিয়ে ব্যবধান ২-০ করেন স্পেনের সেসিলিও। এরপর ব্রাজিল একটি পেনাল্টি পেলেও তারকা খেলোয়াড় দিয়েগোর শট গোলপোস্টের ক্রসবারে লেগে প্রতিহত হয়।
ম্যাচের শেষ মিনিটে উল্টো নিজেদের অর্ধাংশ থেকে ফাঁকা জালে নিখুঁত শটে বল পাঠিয়ে স্পেনের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন আন্তোনিও পেরেজ। এতে স্প্যানিশরা শিরোপা উদযাপনে মেতে ওঠে এবং শক্তিশালী ব্রাজিলকে রানার্সআপ ট্রফি নিয়ে মাঠ ছাড়তে হয়।
এর আগে ৩য় স্থান নির্ধারণী খেলায় ম্যাচের প্রথম মিনিটেই লিয়ান্দ্রো আলতামিরানোর গোল আর্জেন্টিনাকে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধের ২২তম মিনিটে পর্তুগালের হুগো নেভেস গোল করে ম্যাচে ১-১ সমতা ফেরান। তবে ৩৬তম মিনিটে পর্তুগিজ ডিফেন্ডার টমাস পাসোর আত্মঘাতী গোলে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। শেষদিকে সমতায় ফিরতে পর্তুগাল ‘ফ্লাইং গোলকিপার’ কৌশল নিলে ৩৮তম মিনিটে নিজেদের অর্ধাংশ থেকে ফাঁকা পোস্টে বল পাঠিয়ে আর্জেন্টিনার ৩-১ গোলের নিশ্চিত জয় এনে দেন লুকাস বোলো।
এই জয়ের মধ্য দিয়ে ফুটসাল ফিনালিসিমার ইতিহাসে প্রথমবারের মতো তৃতীয় স্থান অর্জনের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল আর্জেন্টিনা। এর আগে ২০২২ সালের আসরে চতুর্থ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল আলবিসেলেস্তেরা।