
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে নিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক রুট পারমিট নিশ্চিতকরণ এবং অন্যায্য ডাম্পিং বন্ধের ১২ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিশাল গণসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টা থেকে আয়োজিত এই সমাবেশের প্রভাবে পল্টন, সচিবালয়, প্রেসক্লাব এবং এর আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা সংকট তৈরি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী চাকরিজীবী ও কোমলমতি শিক্ষার্থীরা।
সরেজমিনে রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী, রিং রোড, মোহাম্মদপুর বেড়িবাঁধ, ধোলাইখাল, দয়াগঞ্জ, যাত্রাবাড়ী, রামপুরা, বনশ্রী, বাড্ডা ও মিরপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে খুব কমসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। অনেক স্থানে সমাবেশগামী চালকেরা দলবদ্ধভাবে অবস্থান নিয়ে অন্যান্য অটোরিকশা চলাচলে বাধা প্রদান করেন। বিশেষ করে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়কে চলাচলকারী অটোরিকশাগুলো থামিয়ে জোরপূর্বক যাত্রীদের নামিয়ে দেওয়া এবং গাড়ির তার ছিঁড়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ ওঠে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত যানবাহন না পেয়ে অসংখ্য মানুষকে বাধ্য হয়ে হেঁটে কিংবা বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়।
এই আন্দোলনের নেপথ্যে রয়েছে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রকাশিত ‘লো-স্পিড থ্রি-হুইলার ব্যাটারি-চালিত রিকশা চলাচল নীতিমালা, ২০২৬’। এই নীতিমালায় অটোরিকশার জন্য বাধ্যতামূলক নিবন্ধন, জোনভিত্তিক চলাচল, সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটার নির্ধারণ এবং প্রধান সড়ক ও মহাসড়কে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে আন্দোলনকারী চালক ও শ্রমিকদের দাবি উক্ত নীতিমালা সংশোধন করে ঢাকা শহরের সব সড়কে অটোরিকশা চলাচলের অনুমতি দিতে হবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সহযোগী সংগঠন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বিলি করা লিফলেটে ‘রাস্তা আছে যেখানে, অটোরিকশা চলবে সেখানে’ স্লোগান তুলে ধরা হয়। শ্রমিকদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে বিআরটিএর মাধ্যমে অটোরিকশা ও ইজিবাইকের ডিজিটাল লাইসেন্স প্রদান, চালকদের লাইসেন্স দেওয়া, পরিশোধিত বিদ্যুৎ বিলের মিটারের সংযোগ বিচ্ছিন্ন না করা এবং রেকার ও ডাম্পিংয়ের নামে পুলিশি হয়রানি ও নির্যাতন বন্ধ করা।
সংগঠনটির শীর্ষ নেতৃবৃন্দ জানিয়েছেন, জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে তারা তাদের ১২ দফা দাবি সংবলিত একটি আনুষ্ঠানিক স্মারকলিপি প্রধান উপদেষ্টার দপ্তরে পেশ করতে যাবেন।