
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের দুটি পৃথক স্থানে গভীর রাতে পার্কিং করে রাখা একটি পোশাক শ্রমিকবাহী বাস ও ‘ইতিহাস পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে সাভারের গেন্ডা ও বলিয়ারপুর এলাকায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এই নাশকতামূলক অগ্নিকাণ্ড ঘটায় অজ্ঞাত দুর্বৃত্তরা।
সোমবার (৯ নভেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে পার্কিং করে রাখা ছিল একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাস। ওই সময় হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর কয়েক ঘণ্টার ব্যবধানে, সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় টাটা সার্ভিসিং সেন্টারের সামনে পার্কিং করে রাখা ইতিহাস পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে। দ্বিতীয় দফায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, গেন্ডা এলাকায় পোশাক শ্রমিকদের বাস এবং বলিয়ারপুরে ইতিহাস পরিবহনের পার্কিং করা বাসে রাতের আঁধারে আগুন দেওয়া হয়েছিল। খবর পাওয়ার পরপরই দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুটি বাসেরই আগুন নিয়ন্ত্রণে আনেন। দুটি ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা বাস দুটিতে পরিকল্পিতভাবে আগুন দিয়েছে।