
ময়মনসিংহ নগরের সারদা ঘোষ রোড এলাকায় অবস্থিত ‘জুলাই শহীদ সাগর চত্বরে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) রাত দেড়টার দিকে ক্যাপ ও মুখে মাস্ক পরা কয়েকজন ব্যক্তি চত্বরটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান, যার ফলে শহীদ রেদোয়ান হোসেন সাগরের স্মৃতিফলকটি পুড়ে যায়।
এ অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবিতে ঘটনার স্থানেই আমরণ অনশন শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কয়েকজন সমন্বয়ক ও নেতা। পুড়ে যাওয়া সাগর চত্বরের নিচে অবস্থান নিয়ে অনশন শুরু করেন ময়মনসিংহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সদস্যসচিব খলিলুর রহমান এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেন।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে অজ্ঞাত পরিচয় কয়েকজন দুর্বৃত্ত ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সাগর চত্বরে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
অনশন কর্মসূচিতে জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেন অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী ময়মনসিংহে রয়ে গেছে, তারাই পরিকল্পিতভাবে এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। সাগর চত্বরে আগুন দেওয়ার ঘটনা এটিই প্রমাণ করে যে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা এখনো সার্বিক নিরাপত্তার হুমকিতে রয়েছেন। অপরাধীদের দ্রুত আইনের আওতায় না আনা পর্যন্ত এই আমরণ অনশন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তিনি।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে মাস্ক ও ক্যাপ পরা কয়েকজন ব্যক্তি রাত দেড়টার দিকে চত্বরে আগুন দিয়ে পালিয়ে যান। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ এবং লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরের মিন্টু কলেজ এলাকায় সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান শিক্ষার্থী রেদোয়ান হোসেন সাগর। তাঁর স্মৃতি ও সংগ্রামকে ধরে রাখতে আন্দোলনকারীরা উক্ত স্থানকে ‘সাগর চত্বর’ ঘোষণা করেন এবং সেখানে একটি স্টিলের স্মৃতিফলক স্থাপন করেছিলেন।