
ঝালকাঠির নলছিটিতে একটি মামলার আসামিকে গ্রেফতার করার পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করে। দুষ্কৃতকারীদের এই হামলায় নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) একাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে হত্যা ও বিভিন্ন মামলার আসামি দপদপিয়া ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মো. সিরাজ মোল্লাকে গ্রেফতার করে। তবে তাকে গ্রেফতারের খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায়।
একপর্যায়ে তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও পিকআপ ভ্যান ভাঙচুর করে পুলিশ সদস্যদের কাছ থেকে জোরপূর্বক সিরাজ মোল্লাকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় নলছিটি থানার ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে আহত হন।
ঘটনার পর থেকে দপদপিয়া ফেরিঘাট ও আশপাশের এলাকায় তীব্র থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেফতার এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে ব্যাপক চিরুনি অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে এই হামলার ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন জানান, পুলিশ সদস্যদের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত চারজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুনরায় গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।