
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ছয় মাস বয়সি এক শিশু ও এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) দুপুরে মহাসড়কের হারবাং স্টেশন ও উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় অল্প সময়ের ব্যবধানে এই দুর্ঘটনাগুলো ঘটে। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
প্রথম দুর্ঘটনাটি ঘটে দুপুর ১২টার দিকে হারবাং স্টেশনে। চকরিয়া থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা (টমটম) উত্তর হারবাং যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি ডাবল কেবিন পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ যাত্রী থাকা একই পরিবারের চারজন গুরুতর আহত হন। সেনাবাহিনী ও স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আরহাম নামে ছয় মাস বয়সি এক শিশুকে মৃত ঘোষণা করেন। নিহত আরহাম উত্তর হারবাংয়ের গয়ালমারা এলাকার বোরহান উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় তার মা ফাহমিদা ইয়াসমিন লাকি (২৩), খালা উর্মী আক্তার, তিন বছরের বোন আরিশা জান্নাত এবং অটোচালক জাফর আলম গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
অন্যদিকে, একই মহাসড়কের উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় অপর এক পৃথক দুর্ঘটনায় মাহবুবুর রহমান (৬২) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। নিহত মাহবুবুর রহমান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার বাসিন্দা এবং তিনি একজন সৌদিপ্রবাসী ছিলেন। ৩ মাস আগে দেশটিতে অবসর কাটাতে এসে সকালে মোটরসাইকেলযোগে চকরিয়ায় বন্ধুর বাড়িতে যাওয়ার সময় কোনো দ্রুতগামী যান তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ সার্জেন্ট জাকিবুল ইসলাম পৃথক এই ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত যানসমূহ ও মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক গাড়িটি শনাক্তকরণসহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।