
যুক্তরাষ্ট্রের সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা বা সহায়তার ওপর নির্ভরশীল বিদেশি নাগরিকদের জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। বলা হয়েছে, ভিসার শর্ত ভঙ্গ করে সরকারি সুবিধা বা সহায়তা নিলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের অযোগ্য বলে বিবেচিত হতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি।
শনিবার (৭ নভেম্বর) ভিসাসংক্রান্ত এক জরুরি বার্তায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
বার্তায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী কোনো বিদেশি নাগরিক যদি দেশটির স্থানীয় বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চিকিৎসার খরচ মেটানোর মতো কোনো সরকারি সহায়তা নেন, তবে তা সরাসরি ভিসার শর্তের অপব্যবহার হিসেবে গণ্য হবে।
দূতাবাস সতর্ক করে জানিয়েছে, কেউ যদি ভিসার এই শর্তগুলোর অপব্যবহার করেন কিংবা যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তবে ভবিষ্যতে তাদের আর যুক্তরাষ্ট্রে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না বা তারা দেশটি ভ্রমণের অযোগ্য বলে বিবেচিত হবেন।