
জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (কেবিসি) একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বলিউড ডিভা মাধুরী দীক্ষিত। আর সেই মঞ্চেই পুরোনো দিনের মজার ও চমকপ্রদ এক স্মৃতির কথা শোনালেন অমিতাভ বচ্চন। মাধুরীর সামনেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত নারী শিক্ষাপ্রতিষ্ঠান ‘মিরান্ডা হাউজ’-এ নিজের জীবনের প্রথম যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেন এই শাহেনশাহ।
অনুষ্ঠানে অমিতাভ জানান, জীবনের প্রথমবার যখন তিনি মিরান্ডা হাউজে প্রবেশ করেছিলেন, তখন হলের বারান্দায় বসে থাকা ছাত্রীরা তাকে দেখে নানারকম মন্তব্য করতে শুরু করে। বিগ বি বলেন, ‘সেদিন প্রথম যখন মিরান্ডা হাউজে ঢুকেছিলাম, বারান্দায় বসে থাকা হোস্টেলের মেয়েরা বলতে শুরু করল ‘আয়ে হায়ে কী চলন!’’ ছাত্রীদের এমন তির্যক মন্তব্য ও কটূক্তিতে সেদিন বেশ থতমত খেয়ে গিয়েছিলেন তিনি।
নারীদের প্রতি রাস্তাঘাটে হওয়া অনবরত কটূক্তি ও ইভটিজিংয়ের প্রসঙ্গ টেনে অভিনেতা আরও বলেন, ‘যতক্ষণ না নিজের সঙ্গে এমন কিছু ঘটছে, ততক্ষণ অন্যের অনুভূতি বোঝা সম্ভব নয়। মিরান্ডা হাউজে প্রথম দিন ঢুকে ওই মন্তব্য শুনে আমি তো বুঝতেই পারছিলাম না, কী করব!’
অমিতাভের মুখে এমন গল্প শুনে কৌতূহলী হয়ে ওঠেন মাধুরী দীক্ষিত। তিনি সরাসরি জানতে চান ‘এরপর কী করেছিলেন আপনি?’ এক মুহূর্ত দেরি না করে নিজের স্বভাবসুলভ রসিকতায় অমিতাভ উত্তর দেন, ‘পালিয়ে গিয়েছিলাম, আর কী করব!’
কিংবদন্তি এই অভিনেতার অকপট ও হাস্যোজ্জ্বল স্বীকারোক্তি শুনে মুহূর্তেই হাসির রোল ওঠে অনুষ্ঠানের পুরো স্টুডিওজুড়ে। বহু বছর আগের সেই ছোট্ট ঘটনাটি যে আজও অমিতাভের স্মৃতিতে অম্লান, তা তাঁর সাবলীল বয়ানেই স্পষ্ট হয়ে উঠেছে।