
বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্ভাবিত ঐতিহাসিক ‘ক্ষুদ্রঋণ’ (মাইক্রোক্রেডিট) মডেল বিশ্বজুড়ে নানা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এনেছে। এই বৈপ্লবিক মডেলে অনুপ্রাণিত হয়েই বিশ্বখ্যাত হলিউড অভিনেতা ও অস্কারজয়ী তারকা ম্যাট ডেমন তাঁর আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ‘ওয়াটার ডট ওআরজি’ (Water.org) গড়ে তুলেছিলেন।
সম্প্রতি মার্কিন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার টেড ঝার-এর জনপ্রিয় ভিডিও সিরিজ ‘হোয়াট ডু ইউ ডু ফর আ লিভিং?’-এ অংশ নিয়ে ড. ইউনূসের প্রতি এই কৃতজ্ঞতা ও অনুপ্রেরণার কথা জানান ম্যাট ডেমন।
কী বলেছিলেন ম্যাট ডেমন: সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে উপস্থাপক টেড ঝার ম্যাট ডেমনের জীবিকা সম্পর্কে জানতে চাইলে তিনি হাসিমুখে তাঁর দাতব্য প্রতিষ্ঠান ‘ওয়াটার ডট ওআরজি’-এর কথা তুলে ধরেন। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য উন্নয়নশীল দেশগুলোর দরিদ্র মানুষের কাছে নিরাপদ পানীয় জল ও স্যানিটেশন সুবিধা পৌঁছে দেওয়া।
ক্ষুদ্রঋণ ব্যবহারের কার্যকারিতা ব্যাখ্যা করতে গিয়ে সাক্ষাৎকারে ম্যাট ডেমন স্পষ্ট করে বলেন, “আমরা এই কাজগুলো করি মূলত ক্ষুদ্রঋণের মাধ্যমে। বহু বছর আগে বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূস যা গড়ে তুলেছিলেন,এটি ঠিক সেটাই। এই অনন্য উদ্ভাবনের জন্যই তিনি নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছিলেন।”
বিশ্বজুড়ে ‘ওয়াটার ডট ওআরজি’-এর প্রভাব: ২০০৯ সালে পরিবেশ প্রকৌশলী গ্যারি হোয়াইটের সঙ্গে যৌথভাবে ‘ওয়াটার ডট ওআরজি’ প্রতিষ্ঠা করেন ম্যাট ডেমন। বর্তমানে সংস্থাটি বাংলাদেশ, ভারত, কেনিয়া, তানজানিয়া, উগান্ডা, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, ফিলিপাইন, ব্রাজিল ও মেক্সিকাসহ বিশ্বের ১৫টিরও বেশি দেশে কাজ পরিচালনা করছে।
ম্যাট ডেমন জানান, তাঁদের সংস্থা এ পর্যন্ত ২১ মিলিয়নেরও বেশি ক্ষুদ্রঋণ বিতরণ করেছে, যার আর্থিক মূল্য প্রায় ৮ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। ক্ষুদ্রঋণের মাধ্যমে নিজেদের বাড়িতে বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশনের টেকসই ব্যবস্থা করায় বিশ্বের প্রায় ৯৫ মিলিয়ন (সাড়ে ৯ কোটি) মানুষ উপকৃত হয়েছেন।
উল্লেখ্য, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ ব্যাংকের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দারিদ্র্য বিমোচন ও সামাজিক অর্থনৈতিক অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক।