
ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য উত্তর প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড় ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্য সরকারের উদ্যোগে ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’র আওতায় থাকা যোগ্য পরিবারগুলোকে প্রতি বছর দীপাবলি ও হোলি উপলক্ষে সম্পূর্ণ বিনামূল্যে একটি করে এলপিজি (গ্যাস) সিলিন্ডার দেওয়া হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজ্যে ১ কোটি ৮৯ লাখেরও বেশি উপকারভোগীর মাঝে এলপিজি সিলিন্ডার রিফিলের ভর্তুকি বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন।
১৫০০ কোটি রুপি বরাদ্দ ও এলপিজির দামের হিসাব: আদিত্যনাথ জানান, উজ্জ্বলা যোজনার আওতায় থাকা দরিদ্র পরিবারগুলোকে বিনামূল্যে সিলিন্ডার ও রিফিল সুবিধা প্রদান করতে রাজ্য বাজেট থেকে মোট ১ হাজার ৫০০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে।
অনুষ্ঠানে রান্নার গ্যাসের হিসাব তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “বর্তমানে একটি গৃহস্থালি গ্যাস সিলিন্ডারের দাম ৯৮৩ দশমিক ৪৫ রুপি। এর মধ্যে কেন্দ্র সরকার সরাসরি ৩৩৫ রুপি ভর্তুকি দেয়, যার ফলে গ্রাহকের পকেট থেকে খরচ হয় ৬৪৮ দশমিক ৫৫ রুপি। এখন থেকে উৎসবের সময় এই অর্থ সাশ্রয় করে সাধারণ মানুষ দীপাবলির প্রদীপ ও মিষ্টি কিনতে পারবেন।”
কংগ্রেসের সমালোচনা ও ‘দীপোৎসব’ প্রসঙ্গের অবতারণা: কংগ্রেস সরকারের তৎকালীন আমলের সঙ্গে বর্তমান বিজেপি সরকারের তুলনা টেনে যোগী বলেন, “অতীতে একটি গ্যাস সংযোগ পাওয়ার জন্য সাধারণ মানুষকে লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তি পোহাতে হতো। আমরা দরিদ্রদের ঘরে বিনামূল্যে গ্যাস সংযোগ পৌঁছে দিয়েছি, আর এটাই প্রকৃত সুশাসন।”
একই অনুষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যায় আগামী ৭ নভেম্বর অনুষ্ঠেয় ‘দীপোৎসব’-কে সামাজিক ঐক্যের প্রতীক হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, ২০১৭ সালের আগে যারা জাতপাতের বিভাজনের ওপর রাজনীতি করেছিল, তারা ভারতের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে উপেক্ষা করেছিল। বর্তমান 'ডাবল ইঞ্জিন' সরকার সেই বিভাজনের রাজনীতি বদলে রাম নগরী অযোধ্যাকে সকলের উৎসবে পরিণত করেছে।