
সৌদি আরবের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি ও সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করে সৌদি অভিমুখী ফ্লাইট চলাচলে নতুন সময়সূচি ও সমন্বয় এনেছে জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে বিমানের পুনর্নির্ধারিত নিয়মিত ফ্লাইট চলাচল পুনরায় শুরু হতে যাচ্ছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
দাম্মাম রুটে দিনের বেলায় ফ্লাইট: বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রমণকারী যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরবর্তী নির্দেশ প্রদান না করা পর্যন্ত এই রুটের সব ফ্লাইট কেবল দিনের বেলায় পরিচালনা করা হবে। নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই মূলত দিনের আলোতে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিয়াদ রুটের ফ্লাইট স্থগিত: একই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রিয়াদগামী প্রবাসী ও সাধারণ যাত্রীদের বড় একটি অংশ বিকল্প পথে সৌদি আরবে যাতায়াত করায় বর্তমানে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে পর্যাপ্ত যাত্রী চাহিদা নেই। যাত্রী স্বল্পতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটের সব ফ্লাইট পরিচালনা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফ্লাইটের সময়সূচি, টিকিট পুনর্নির্ধারণ ও ভ্রমণ সংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের দ্রুত নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টার অথবা অফিসিয়াল হেল্পলাইনে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।