
ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন করে ২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বিইআরসি। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন নির্ধারিত দাম সোমবার রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
এর আগে অক্টোবর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে ওই দাম নির্ধারণের পরও রাজধানীর বিভিন্ন এলাকায় ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকা পর্যন্ত দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ ছিল।
একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ দশমিক ৬২ টাকা থেকে বাড়িয়ে ৯১ দশমিক ৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম ছিল প্রতি লিটার ৭৩ দশমিক শূন্য ৯ টাকা।
নতুন প্রজ্ঞাপনে এলপিজি বিক্রেতাদের কমিশনও বাড়ানো হয়েছে।
সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে দেশের এলপিজি বাজারে অস্থিরতা দেখা দেয়। আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বাড়ার কারণে আমদানিকারকেরা সরবরাহ কমিয়ে দেন। এতে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি শুরু হয়। একপর্যায়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারিত এলপিজি সিলিন্ডারও কোথাও কোথাও ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হয়েছে।