
টানা কয়েক দিনের বড় দরপতনের ধাক্কা সামলে বিশ্ববাজারে ফের বাড়তে শুরু করেছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। সোমবার (২ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম একলাফে প্রায় ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মূলত জ্বালানি তেলের দাম নিম্নমুখী হওয়ায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ঘিরে কিছুটা স্বস্তি ফিরেছে, যার প্রভাব সরাসরি পড়েছে স্বর্ণের বাজারে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩৩ মিনিটের দিকে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৯ শতাংশ বৃদ্ধি পায়। এতে প্রতি আউন্স স্পট গোল্ডের দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৯০৭ দশমিক ৯৪ ডলারে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডিসেম্বরের সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার (Future Price) মূল্য ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৯১৬ দশমিক ৭০ ডলারে পৌঁছেছে।
দরপতনের কারণ ও পুনরুদ্ধার: এর আগে গত শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ৩.৫ শতাংশের বড় পতন ঘটেছিল, যা ছিল ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন রেকর্ড। ওই দরপতনের ফলে মূল্যবান এই ধাতুর দাম ৪ হাজার ডলারের মনস্তাত্ত্বিক মনস্তাত্ত্বিক গুরুত্বপূর্ণ সীমার নিচে নেমে আসে। বিশ্বজুড়ে প্রযুক্তি খাতের শেয়ারবাজারে ধস নামায় বিনিয়োগকারীরা ‘মার্জিন কল’-এর চাপ সামলাতে নগদ অর্থের সুবিধার্থে স্বর্ণের মতো নিরাপদ সম্পদ বিক্রি শুরু করলে বাজারে মন্দা দেখা দিয়েছিল।
বাজার বিশ্লেষক কাইল রড্ডা জানান, আগের কার্যদিবসের বড় পতনের পর এটি স্বাভাবিক দাম পুনরুদ্ধার। সপ্তাহের শুরুতে জ্বালানি তেলের মূল্য কমে যাওয়া ধাতুর বাজারে সাময়িক স্বস্তি ফিরিয়ে এনেছে।
তেলের বাজারে স্বস্তি ও আন্তর্জাতিক রাজনীতি: রয়টার্স আরও জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে ইরানের প্রতিনিধিরা টানা তৃতীয় দিনের মতো সমঝোতা বৈঠকে বসেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত বন্ধে বৈঠকের খবর প্রকাশ্যে আসার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৩ শতাংশেরও বেশি কমে গেছে, যা সার্বিক বাজার পরিস্থিতি স্থিতিশীল করতে ভূমিকা রাখছে।
তবে ডেনমার্ক ভিত্তিক স্যাক্সো ব্যাংকের পণ্যবাজার কৌশল প্রধান ওলে হ্যানসেন সতর্ক করে জানিয়েছেন, স্বল্পমেয়াদে কারিগরি কারণে বিক্রির চাপ ও তারল্য সংকটের উদ্বেগে দীর্ঘমেয়াদি স্বর্ণের বিনিয়োগ কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে।
অন্যান্য মূল্যবান ধাতুর বাজার: সোমবার স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূলবান ধাতুর দামও ঊর্ধ্বমুখী ছিল। স্পট মার্কেটে প্রতি আউন্স রূপার দাম ২.২ শতাংশ বেড়ে ৫০ দশমিক ১৬ ডলারে ঠেকেছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ০.৩ শতাংশ বেড়ে ১ হাজার ৪৩৫ দশমিক ৩৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০.৯ শতাংশ বেড়ে ৯৮৪ দশমিক ৭৯ ডলারে পৌঁছায়।