
ছেলের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনায় এসেছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান। ছাত্রদলে থাকা অবস্থায় তাঁর সন্তানের এইচএসসি পাস করা নিয়ে প্রশ্ন উঠলে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নে পাল্টা উত্তর দিয়ে তিনি বলেন, “মানুষ কি বিয়ে-শাদি করবে না, বাচ্চাকাচ্চা হবে না?”
ঘটনার পরই জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখা এবং পার্শ্ববর্তী মেহেরপুর জেলা শাখাসমূহের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে।
সাংবাদিকের প্রশ্নে শাহজাহান খানের ভাইরাল বক্তব্য: একটি অনলাইন গণমাধ্যমের সাংবাদিকের সঙ্গে কথোপকথনের ফাঁস হওয়া অডিও রেকর্ডে শাহজাহান খান বলেন, “আমার দল ১৭ বছর ক্ষমতায় ছিল না। ওই সময় সংগঠনে ছাত্রদল করার মতো কোনো মানুষ ছিল না। সে ক্ষেত্রে দল বিবেচনা করে ২০১৮ সালে আমাকে কমিটিতে জায়গা দিয়েছিল। কমিটি ভাঙা-গড়া দলের সিদ্ধান্ত, এটা কি আমার সিদ্ধান্ত?”
বিয়ে ও সন্তান নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “দল যখন মনে করবে, তখন কমিটি দেবে বা ভেঙে দেবে। এখন এর মধ্যে মানুষ কি বিয়ে-শাদি করবে না? বাচ্চাকাচ্চা হবে না? আমার একটা বাচ্চা যদি ভালো ফল করে, তার জন্য কি আমি মনের আকুতিটাও জানাতে পারব না? বাচ্চা থাকার বিষয়টি তো অস্বীকার করার কিছু নেই। আমাদের চেয়ারম্যান তারেক রহমানের কাছে নিশ্চয়ই সব প্রতিবেদন আছে। দল যখন মনে করবে, আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন কাউকে দেবে।”
নিজের পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তিনি আরও যুক্ত করেন, “আমি এতদিন ছাত্রদল করেছি, এখন যুবদল করব—এটাই তো স্বাভাবিক। জেলা যুবদল করার এখন আমার মোক্ষম বয়স। তবে দলের সিদ্ধান্তের বাইরে তো আমি যেতে পারি না।”
চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত: ছেলের এইচএসসি পাস এবং অডিও ভাইরাল হওয়ার বিতর্ক তৈরি হওয়ার পরপরই রবিবার (১ নভেম্বর) চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করে কেন্দ্র।
ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন এবং শিগগিরই এ দুটি ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।