
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার বাইতুল মাহফুজ পুরাবাড়িয়া মোড় জামে মসজিদের খতিব মাওলানা মোজাহিদুল ইসলামকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জুমার খুতবায় বক্তব্য প্রদানকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ হিসেবে আখ্যায়িত করার অভিযোগে মসজিদ কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর জুমার খুতবায় ‘মূর্তি ও ভাস্কর্যের ইতিহাস-ঐতিহ্য এবং তা থেকে মুসলমানদের উত্তরণ’ বিষয়ে বয়ান করছিলেন খতিব মাওলানা মোজাহিদুল ইসলাম। আলোচনা চলাকালে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের প্রসঙ্গ টেনে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলে মন্তব্য করেন। এ বক্তব্যের জেরে পরবর্তীতে মসজিদ কমিটির সভাপতি ফেরদৌস ভূঁইয়া তাঁকে খতিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে তীব্র মিশ্র প্রতিক্রিয়া ও আলোচনার সৃষ্টি হয়।
স্থানীয় একাধিক বাসিন্দা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জানান, খতিবের দায়িত্ব কেবল নামাজ পড়ানো নয়, সত্য তুলে ধরাও তাঁর ধর্মীয় দায়িত্ব। তাঁর বক্তব্যে কারো কোনো আপত্তি থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। এভাবে হুট করে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া অনুচিত হয়েছে।
অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে খতিব মাওলানা মোজাহিদুল ইসলাম বলেন, “আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। কোরআন-হাদিসের বিষয়ভিত্তিক আলোচনা করতে গিয়ে উদাহরণস্বরূপ মন্তব্যটি করেছিলাম। মসজিদ কমিটির সভাপতি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় প্রতিহিংসাপরায়ণ হয়ে আমাকে অন্যায়ভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।”
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মসজিদ কমিটির সভাপতি ফেরদৌস ভূঁইয়া। তিনি দাবি করেন, “ওই খতিব জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। পূর্বে এক ছাত্রদল নেতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে দোয়া করতে বললেও তিনি তা করেননি। মসজিদে রাজনৈতিক আলোচনা করা এবং গত জুমার খুতবায় সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করার কারণে সবার সর্বসম্মতিক্রমে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”