
বক্তব্যের শুরুতে ভাঙ্গাবাসীর খোঁজ নিয়ে শফিকুর রহমান বলেন, ‘ভাঙ্গাবাসী কেমন আছেন? আপনাদের এলাকার নাম ভাঙ্গা। কিন্তু সারাদেশেরই কোমর ভাঙা। তাই দেশকে মেরামত ও সংস্কার করতে হবে।’
তিনি বলেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের তাড়াতে হবে এবং দুঃশাসন থেকে মুক্তি পেতে হবে। তাঁর ভাষায়, এটি জনগণের লড়াই, মুক্তির লড়াই। এসব দাবিতে তারা সাত দফা নিয়ে রাস্তায় নেমেছেন বলেও জানান তিনি।
লংমার্চের গাড়িবহরকে স্বাগত জানানো নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জামায়াত আমির বলেন, তারা রাস্তায় নেমে দাবির প্রতি সংহতি জানিয়েছেন এবং উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। শফিকুর রহমান বলেন, তারা একটি মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চান।