
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে বিভাগভিত্তিক সাফল্য ও ব্যর্থতার চিত্র স্পষ্ট হয়েছে। তিন বিভাগের মধ্যে পাসের হারে সবচেয়ে ভালো ফলাফল করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আর সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন মানবিক বিভাগে।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ফল প্রকাশ অনুষ্ঠানে বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহাদী আমিন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বাধিক ৭৩.১২ শতাংশ। তুলনামূলকভাবে এ বিভাগে পাসের হার ভালো থাকলেও ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার নেমে এসেছে ৫০.৭৭ শতাংশে। এছাড়া সামগ্রিক ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২.১২ শতাংশ। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
মানবিক বিভাগের করুণ চিত্র: সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছে মানবিক বিভাগ। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ফল বিশ্লেষণে দেখা যায়—
ছাত্রদের পরিসংখ্যান: এ বিভাগে অংশ নেওয়া ২ লাখ ৫৮ হাজার ৯৩২ জন ছাত্রের মধ্যে পাস করেছেন মাত্র ৯০ হাজার ৬৬৪ জন এবং অকৃতকার্য হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ২৬৮ জন।
ছাত্রীদের পরিসংখ্যান: অন্যদিকে, ৩ লাখ ৪৮ হাজার ৮০৩ জন ছাত্রীর মধ্যে পাস করেছেন ১ লাখ ৬৫ হাজার ৬৪৭ জন এবং ফেল করেছেন ১ লাখ ৮৩ হাজার ১৫৬ জন।
মোট ফল: সব মিলিয়ে মানবিক বিভাগে মোট পাস করেছেন ২ লাখ ৫৬ হাজার ৩১১ জন এবং বিশাল সংখ্যক অর্থাৎ ৩ লাখ ৫১ হাজার ৪২৪ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
অন্যদিকে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে সামগ্রিক পাসের হার ৫১.৬২ শতাংশ (যেখানে জিপিএ-৫ পেয়েছেন ৩৫,৯৪৮ জন)। পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ (যেখানে জিপিএ-৫ পেয়েছেন ৩,২৫০ জন)।