
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মঞ্জুরুল বাছিদের ধানমন্ডির বাসভবনের সামনে ককটেল হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের ঠিক আগমুহূর্তে বিচারক যখন নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন দুর্বৃত্তরা তার বাসার সামনে পরপর কয়েকটি ককটেল নিক্ষেপ করে।
বিচারকের ছেলে মাহমুদুল বাসিত জানান, নিক্ষেপ করা ককটেলগুলোর মধ্যে অন্তত দুটি বিস্ফোরিত হয়। তাৎক্ষণিকভাবে বড় ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতির বাসায় ৪ থেকে ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে এবং পরবর্তীতে বোম ডিসপোজাল ইউনিট সেগুলোকে নিরাপদে নিষ্ক্রিয় করে। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণের সহায়তায় চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।