
ময়মনসিংহ নগরীর বাইপাস এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় বাসচাপা দিয়ে ৭ যাত্রী নিহতের ঘটনার মূল আসামি ও বাসচালক ইকবাল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ইকবাল হোসেন গাজীপুর সদর উপজেলার পালের পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
উল্লেখ্য, গত ২ অক্টোবর দুপুরে ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস সড়কের দাপুনিয়া হাড়গুজির পাড় এলাকায় একটি দ্রুতগতির বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে চালকসহ ৭ জন নিহত হন। এ ঘটনায় জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর গ্রামের বাসিন্দা মো. মোবারক আলী বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মর্মান্তিক দুর্ঘটনায় মোবারক আলী তাঁর মা, ভাই, ভাতিজি ও নাতিকে হারান।
নিহতরা হলেন,জামালপুর সদরের দড়িহামিদপুর গ্রামের রাশিদা বেগম (৭০), তাঁর ছেলে মোফাজ্জল হোসেন (৫০), মোফাজ্জলের মেয়ে মর্জিনা আক্তার (২৫) ও মর্জিনার শিশুপুত্র মিনান (৫)। নিহত বাকি তিনজন হলেন একই জেলার বীর গোবিন্দপুর গ্রামের সিএনজি চালক সুজন আলী (৪৪), বাদেচান্দি গ্রামের আকরাম আলী (৫১) ও তাঁর স্ত্রী মমতা বেগম (৩৯)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত বাসচালককে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে