প্রিন্ট এর তারিখঃ Nov 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 29, 2026 ইং
তাহসিফের রহস্যজনক মৃত্যু

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক সামরিক পাইলট ও কর্মকর্তা তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার সময়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজে তাকে সবুজ পাঞ্জাবি পরিহিত অবস্থায় এক ব্যক্তির সঙ্গে কথা বলতে ও হাত মেলাতে দেখা গেছে। এ সময় পাশে একটি নীল রঙের মোটরসাইকেল চালু অবস্থায় ছিল এবং হেডলাইট জ্বলছিল। পরবর্তীতে দুজনকে ওই স্থান থেকে চলে যেতে দেখা যায়।
তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম জানান, ২৭ অক্টোবর সারাদিন পরিবারের সবার জন্য কেনাকাটা করেন তাহসিফ। এরপর সন্ধ্যার পর 'দীপ' নামের এক জুনিয়রের ডাকে তিনি বাসা থেকে বের হন এবং আর ফিরে আসেননি। রাত ১টা ৩৫ মিনিটে মায়ের ফোনে ‘আম্মু আমি আসছি’ মর্মে একটি মেসেজ আসলেও এরপর তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে ভোর সোয়া ৫টার দিকে পুলিশের মাধ্যমে তারা ছেলের মরদেহের সন্ধান পান। পরিবারের দাবি, রাজাবাড়ী ঘাট এলাকায় এর আগে কখনো যাননি তাহসিফ।
শৃঙ্খলাজনিত কারণে চাকরিচ্যুত হওয়া তাহসিফ পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছেন বলে জানান তার বাবা। এদিকে ঢাকা রেঞ্জের নৌ-পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার বিকেলে উত্তরখানের তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে। পরিবার অভিযোগ দিলে মামলা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের একটি ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তাহসিফের সম্পৃক্ততা নিয়ে পূর্বে আলোচনা ও ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার প্রচার হয়েছিল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ঢাকা ফাইলস ২০২৬