
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ৫০০ টাকার মুচলেকায় তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন ময়মনসিংহের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলামের আদালত।
ময়মনসিংহ আদালতের পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান তথ্যটি নিশ্চিত করে জানান, নির্ধারিত দিনে বেলা সাড়ে ১২টার দিকে সাথী আক্তারকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে জামিন শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মাহতাব উদ্দিন আহমেদ। শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন এবং আইনি প্রক্রিয়া শেষে তাঁকে মুক্তি দেওয়া হচ্ছে।
ঘটনার বিবরণে জানা যায়, সাথী আক্তার ভালুকার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার ‘সাথী বিউটি পার্লার’-এর স্বত্বাধিকারী। গত রোববার (২৫ অক্টোবর) দুপুরে নিজের পার্লারের বিদ্যুতের তার চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে ‘সাথী মেকওভার’ নামের ফেসবুক আইডি থেকে দুটি লাইভ ভিডিও প্রচার করেন তিনি। সেখানে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, "বিএনপি সরকারকে ভোট দিয়ে আজকে ভুক্তভোগী।"
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাঁর বিউটি পার্লার ঘেরাও করে প্রতিবাদের সৃষ্টি করেন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একই দিন রাতে সাথীকে হেফাজতে নেয় এবং পরদিন সোমবার ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। দু'দিন কারাভোগের পর অবশেষে তিনি আদালত থেকে জামিন পেলেন।