
মো. ফারুক লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের গাটিয়াপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়ভাবে নিজের ফেসবুক আইডি থেকে জামায়াতের পক্ষে নিয়মিত সোচ্চার ও ভিডিও বক্তব্য দেওয়ার কারণে তিনি সুপরিচিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গত সোমবার আধুনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি পদে বিএনপি ও জামায়াতের সমর্থকেরা আলাদা প্রার্থীর পক্ষে অবস্থান নেন। সন্ধ্যায় ফলাফল ঘোষণায় বিএনপি-সমর্থিত প্রার্থী জয়ী হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন ফারুক। তার অভিযোগ, ইউনিয়ন জামায়াতের নেতারা কথা দিয়েও তাঁদের সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ না করে অনিয়ম করেছেন।
ক্ষোভের মুখে ফারুক সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, "আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে মন থেকে ঘৃণা করি।" এর পরপরই আধুনগর বাজারে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে দলটির সাথে সমস্ত সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন তিনি।
এ বিষয়ে মো. ফারুক গণমাধ্যমকে বলেন, তিনি জামায়াতের কোনো পদধারী নেতা-কর্মী না হলেও সমর্থক ছিলেন, কিন্তু বর্তমান নেতাদের কার্যকলাপ ভালো না লাগায় তিনি এই পথ বেছে নিয়েছেন। অন্যদিকে আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির আবদুল কাদের জানান, বাজার কমিটির নির্বাচনে জামায়াত কোনো প্রার্থীর পক্ষে অংশ নেয়নি। পছন্দের প্রার্থী পরাজিত হওয়ায় ফারুক আবেগের বশে এমনটি করে থাকতে পারেন।