
ইতালিয়ান সেরি আ-তে পিছিয়ে পড়েও অসাধারণ ঘুরে দাঁড়ানোর গল্প লিখল সেস ফাব্রেগাসের কোমো ১৯০৭। ম্যাচের অধিকাংশ সময় ১-০ গোলে পিছিয়ে থাকার পর শেষ ১০ মিনিটে একপ্রকার ঝড় তুলে তোরিনোকে তাদেরই মাঠে ৩-১ গোলে হারিয়েছে সফরকারীরা।
ম্যাচের শুরুতেই বড় ভুল করে বসেন কোমোর ডিফেন্ডার ইয়াকোবো রামোন। তাঁর ভুল সুযোগ কাজে লাগিয়ে তোরিনোকে এগিয়ে দেন চে অ্যাডামস। প্রায় এক ঘণ্টারও বেশি সময় পিছিয়ে থাকা কোমো একের পর এক আক্রমণ চালিয়েও সমতায় ফিরতে পারছিল না। অবশেষে ৮১তম মিনিটে নিজের ভুল শুধরে হেড থেকে দুর্দান্ত গোল করে দলকে সমতায় ফেরান রামোন।
রামোনের এই সমতা সূচক গোলের পরই বদলে যায় ম্যাচের দৃশ্যপট। প্রতিপক্ষের ওপর চেপে বসা কোমো অল্প সময়ের মধ্যে নিকো পাস ও মার্তিন বাতুরিনার দুই ব্যাক-টু-ব্যাক গোলে ৩-১ ব্যবধানের চোখধাঁধানো জয় নিশ্চিত করে।
ম্যাচ শেষে দলের আত্মবিশ্বাস ও খেলোয়াড়দের মানসিকতার প্রশংসায় পঞ্চমুখ হন কোচ সেস ফাব্রেগাস। তিনি বলেন, "১০ দিনে এটি ছিল আমাদের চতুর্থ ম্যাচ, যা মোটেও সহজ ছিল না। তবে ছেলেরা অসীম ধৈর্য, পরিপক্বতা ও লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে। রামোন একটি বড় ভুল করেছিল, কিন্তু সে হতাশ না হয়ে মাথা ঠাণ্ডা রেখে ম্যাচে ফিরেছে এবং গোল করে দলকে সমতায় এনেছে। চরিত্রবান ফুটবলাররা এভাবেই ঘুরে দাঁড়ায়।"
এই জয়ের ফলে সেরি আ-তে দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রাখল কোমো। ফাব্রেগাস জানান, আপাতত তারা পয়েন্ট টেবিল নিয়ে ভাবছেন না, বরং ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়াই তাদের মূল লক্ষ্য।