
জাল সনদ ব্যবহার করে প্রতারণার মাধ্যমে সরকারি চাকরি হাসিল করার মামলায় ৩৮তম বিসিএসের প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে নিয়োগপ্রাপ্ত দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ শাহজাহান কবির এ নির্দেশ দেন।
আদালতের এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত ওই দুই কর্মকর্তা হলেন প্রশাসন ক্যাডারের সঞ্জয় দাস (পিতা/স্থায়ী ঠিকানা: হাজারীবাগ, ঢাকা) এবং পররাষ্ট্র ক্যাডারের আবু সালেহ মো. মুসা (পিতা/স্থায়ী ঠিকানা: নেত্রকোনা)।
এ দিন আদালতে দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পৃথক আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন। আবেদনে উল্লেখ করা হয়, আসামিরা প্রতারণা ও জালিয়াতির আশ্রয়ে ভুয়া বা জাল সনদ তৈরি করেন। সেই ভুয়া সনদকে খাঁটি হিসেবে ব্যবহার করে নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে উপস্থাপন করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) বিভ্রান্ত করেন। এর মাধ্যমে তাঁরা ৩৮তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়ে চাকরিতে যোগদান করেন এবং নিয়মিত সরকারি বেতন-ভাতা উত্তোলন করে রাষ্ট্রের অর্থ আত্মসাৎ করেছেন।
দুদকের আবেদনে আরও বলা হয়, কর্মকর্তাদের বিরুদ্ধে ইতোমধ্যেই মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে আসামিরা বিদেশে পালিয়ে যাওয়ার অপচেষ্টা চালাচ্ছেন। তাই মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাঁদের বিদেশ গমন রোধ করা অত্যন্ত জরুরি ছিল।