
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এ পর্যন্ত ৭টি রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, এসব রায়ে মোট ৬৮ জন দোষী সাব্যস্ত হয়েছেন। তাদের মধ্যে ২৩ জনকে মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একজন খালাস পেয়েছেন।
রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এম এইচ তামিমের দেওয়া তথ্য অনুযায়ী, ট্রাইব্যুনালে মোট মামলা রয়েছে ৭০টি। এর মধ্যে ২৬টি মামলার বিচার চলছে এবং ৪৪টি রয়েছে বিবিধ মামলা হিসেবে। এসব মামলায় এ পর্যন্ত ২০৩ জন গ্রেফতার হয়েছেন এবং ৩৫২ জন পলাতক রয়েছেন।
প্রথম রায়টি আসে ২০২৫ সালের ১৭ নভেম্বর। সেই রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পান ৫ বছরের কারাদণ্ড।
পরের রায়গুলোর মধ্যে রয়েছে চানখাঁরপুল হত্যাকাণ্ড, আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানো, রংপুরে আবু সাঈদ হত্যা ও রামপুরা মামলার রায়। সর্বশেষ চলতি বছরের ১৫ সেপ্টেম্বর এক রায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যারা সবাই পলাতক।
প্রধান প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বার্তা সংস্থা বাসসকে বলেন, পুনর্গঠিত ট্রাইব্যুনালগুলো দ্রুততা ও সর্বোচ্চ সততার সঙ্গে সাতটি বড় রায় দিয়েছে। পলাতক তিন শতাধিক আসামিকে বিচারের আওতায় আনার চেষ্টা চলছে। লক্ষ্য হলো কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং কোনো অপরাধী যেন শাস্তি এড়িয়ে যেতে না পারেন।