
শারদীয় দুর্গাপূজার ছুটি উপলক্ষে মেট্রোরেল চলাচলে বিশেষ সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। পূজার প্রধান দিন শুক্রবার (২৩ অক্টোবর) ট্রেন চলাচল শুরু হবে বিকেল থেকে।
ডিএমটিসিএলের পরিচালন বিভাগ জানিয়েছে, ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর মেট্রোরেল চলবে নিয়মিত সূচিতে। এসব দিনে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায়, আর মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে। প্রতিদিন চলবে মোট ১৭১টি ট্রিপ।
তবে শুক্রবার ২৩ অক্টোবর সেবা শুরু হবে বিকেলে। ওই দিন উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টায় এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টা ২০ মিনিটে। সেদিন মোট ৮২টি ট্রিপ চলাচল করবে।
যাত্রী চাপ অনুযায়ী ট্রেনের ব্যবধান ১০ থেকে ২০ মিনিটের মধ্যে সমন্বয় করা হবে। সাধারণত দিনের বেলা ১০ থেকে ১২ মিনিট ও রাতে ১৫ থেকে ২০ মিনিট ব্যবধানে ট্রেন চলে।
অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে উত্তরা উত্তর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ও ডিপোতে দুটি অতিরিক্ত ট্রেন প্রস্তুত রাখা হবে বলেও জানিয়েছে ডিএমটিসিএল।