
চট্টগ্রামে ট্রাকের তলায় বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নগরীর মনসুরাবাদ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় বুধবার রাত ১টা ৫০ মিনিটের দিকে এ চালান ধরা পড়ে।
এ ঘটনায় ট্রাকচালক মো. রুহুল আমিনকে (৪৫) আটক করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করেছে পুলিশ।
বুধবার দামপাড়া পুলিশ লাইনসের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি (দক্ষিণ) এর উপকমিশনার শেখ শরিফুল ইসলাম জানান, কক্সবাজার থেকে একটি ট্রাকে ইয়াবার চালান সাগরিকা হয়ে ঢাকার দিকে যাচ্ছে, এমন গোপন সংবাদ পেয়ে মনসুরাবাদে চেকপোস্ট বসানো হয়। ট্রাকটি পৌঁছালে থামিয়ে তল্লাশি চালানো হয়। অনেক খোঁজাখুঁজির পর ট্রাকের তলায় বানানো গোপন চেম্বারের সন্ধান মেলে, সেখান থেকে ৩ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চালানটি ঢাকায় মাদক কারবারি চক্রের সদস্যদের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। আটক চালকের বিরুদ্ধে আগে কোনো মামলার তথ্য পাওয়া যায়নি। তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে চালানের গন্তব্য ও চক্রের অন্য সদস্যদের বিষয়ে তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তা।
তিনি আরও জানান, সার ও সিমেন্টের বিনিময়ে মিয়ানমার থেকে ইয়াবা আনা হচ্ছে, এমন তথ্য নিয়ে সম্প্রতি তদন্ত করছিল ডিবি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।