
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা জানাতে তিন জেলার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে করে প্রথম গন্তব্য রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, তিনি প্রথমে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে সরাসরি সড়কপথে রংপুরের ঐতিহ্যবাহী ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে পৌঁছে পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই সফর নিশ্চিত করে জানান, পূজামণ্ডপ পরিদর্শন করতে একই দিনে দেশের তিন বিভাগের তিন জেলায় (রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম) যাচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি আরও উল্লেখ করেন, এটিই বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো সরকারপ্রধানের ঢাকার বাইরে গিয়ে প্রান্তিক পর্যায়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসবের দুর্গোৎসব মণ্ডপ সশরীরে পরিদর্শনের নজির।
রংপুরের কর্মসূচি সুসম্পন্ন করে প্রধানমন্ত্রী বিমানে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছাবেন। দুপুর দেড়টায় তিনি রাজশাহীর স্থানীয় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। এরপর রাজশাহী সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম নিয়ে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।
রাজশাহীর জনসভা শেষে তিনি বিমানের ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জের ঐতিহ্যবাহী জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করবেন তারেক রহমান। পরবর্তীতে চট্টগ্রাম সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি শেষে একই রাতে বিমানযোগে রাজধানী ঢাকায় প্রত্যাবর্তন করবেন তিনি।