
বিশ্বজুড়ে উৎসবমুখর আমেজে পালিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ের তারকাদের মাঝেও এই উৎসবের আমেজ স্পষ্টভাবে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে প্রতি বছরই বলি পাড়ায় সবচেয়ে বেশি আলোচনা ও আকর্ষণের কেন্দ্রে থাকে ঐতিহ্যবাহী ‘মুখার্জি বাড়ি’র দুর্গাপূজা, যেখানে বলিউড তারকাদের ঢল নামে।
সোমবার (১৯ অক্টোবর) মুম্বাইয়ের বিখ্যাত ‘নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপূজা’ মণ্ডপে উপস্থিত হয়েছিলেন সময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ঐতিহ্যবাহী ম্যাজেন্ডা গোলাপি রঙের শাড়ি ও ফিরোজা রঙের ব্লাউজে তিনি মণ্ডপে উপস্থিত হয়ে রূপের জাদুতে সবাইকে মুগ্ধ করেন। তবে এই পূজামণ্ডপে ভক্তদের নজর আটকে যায় অন্য একটি জায়গায়,আলিয়ার পাশে ছিলেন না তাঁর স্বামী ও জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। রণবীর মূলত গত শনিবারেই এককভাবে ওই মণ্ডপে গিয়ে পূজার শুভেচ্ছা জানিয়ে এসেছিলেন।
তাহলে কার সঙ্গে পূজার আমেজ উপভোগ করতে গেলেন আলিয়া? চিত্রগ্রাহকদের ক্যামেরায় বন্দি হওয়া ছবিতে মিলল তার জবাব। অভিনেত্রীর পাশে ছিলেন বলিউডের খ্যাতিমান পরিচালক ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু অয়ন মুখার্জি। এই অয়ন মুখার্জিই প্রথমবার রণবীর ও আলিয়াকে একসঙ্গে জুটি করে বানিয়েছিলেন ব্লকবাস্টার সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। সেই কাজের সূত্র ধরেই তারকা দম্পতির সাথে অয়নের বন্ধুত্ব অতি নিবিড় ও পুরনো।
শুধু বন্ধুকৃত্যই নয়, নর্থ বম্বের এই ঐতিহাসিক পূজার সঙ্গে সরাসরি পারিবারিক সূত্রে জড়িয়ে আছেন অয়ন মুখার্জি। তাঁর দাদা এবং প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক শশধর মুখার্জি ১৯৪৮ সালে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে মুম্বাইয়ে এই ঐতিহ্যবাহী পূজামণ্ডপটির গোড়াপত্তন করেছিলেন। সময়ের পরিক্রমায় এটি মুম্বাইয়ের বুকে অন্যতম বৃহত্তম ও তারকাখচিত দুর্গাপূজার মণ্ডপে পরিণত হয়েছে, যেখানে প্রতি বছর নিয়ম করে কাজল, রানি মুখার্জিসহ তারকাদের বিচরণ দেখা যায়।
মণ্ডপে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ভক্তরা ঘিরে ধরেন প্রিয় তারকা আলিয়া ভাটকে। হাসিমুখে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করার পাশাপাশি অনেকের সেলফির আবদার মেটান তিনি। প্রসঙ্গত, অয়ন মুখার্জির পরিচালনাতেই খুব শীঘ্রই ‘ব্রহ্মাস্ত্র পার্ট ২’-এর কাজে যোগ দেওয়ার কথা রয়েছে রণবীর-আলিয়া জুটির। এর বাইরে এই তারকা দম্পতি সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার মুক্তির প্রতীক্ষায় প্রহর গুনছেন।