
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের অত্যন্ত জনপ্রিয় শরিয়াহভিত্তিক সেবা ‘নগদ ইসলামিক’-এর নতুন রূপরেখায় গঠিত শরিয়াহ সুপারভাইজরি বোর্ডের প্রথম আনুষ্ঠানিক বৈঠক সম্প্রতি সম্পন্ন হয়েছে। গ্রাহকদের সুবিধার্থে শতভাগ ইসলামি শরিয়াহসম্মত নীতি অনুসরণে লেনদেন তদারকি ও পরিচালনার জন্য ১ অক্টোবর পুনর্গঠিত এই বোর্ডের এটি ছিল সর্বমোট নবম বৈঠক।
বৈঠকে নগদ ইসলামিকের বর্তমান সব ধরণের কার্যক্রম ও সেবা পুরোপুরি ইসলামি শরীয়াহর বিধিনিষেধ মেনে পরিচালনা করার বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। নবগঠিত এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন দেশের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক মুফতি গাজী মোহাম্মদ সানাউল্লাহ। এতে বোর্ডের অন্য দুই ফকিহ সদস্য মুফতি লুকমান হাসান ও ড. আবু তালিব মোহাম্মদ মোনাওয়ার উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির সার্বিক পরিচালন নীতি পর্যালোচনা করেন।
বৈঠকের সভাপতির বক্তব্যে নতুন বোর্ডের চেয়ারম্যান মুফতি গাজী মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নগদ ইসলামিকের গ্রাহকদের জন্য পুরোপুরি শরিয়াহসম্মত ও সুদমুক্ত ডিজিটাল লেনদেন ব্যবস্থা নিশ্চিত করতে নতুন বোর্ড দৃঢ়প্রতিজ্ঞ। এই প্ল্যাটফর্মের প্রতিটি আর্থিক কার্যক্রম যেন ইসলামি আইনের নীতিমালা অনুসরণ করে, সেজন্য নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় নির্দেশনা অব্যাহত থাকবে।
প্রথম এই সভায় নগদ ইসলামিকের বর্তমান ডিপিএস, সেভিংস ও সাধারণ লেনদেন মডেলগুলো শরিয়াহসম্মতভাবে বাস্তবায়িত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন বোর্ডের ফকিহ সদস্যরা। পাশাপাশি আগামী দিনে ধর্মপ্রাণ মানুষের প্রয়োজন মাথায় রেখে আরও নতুন নতুন ইসলামি ডিজিটাল আর্থিক সেবা যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, নগদ ইসলামিকের সমস্ত এমএফএস অ্যাকাউন্ট সরাসরি শরীয়াহ সুপারভাইজরি কমিটির কঠোর তত্ত্বাবধানে পরিচালিত হয়, যার ফলে গ্রাহকেরা নিজেদের ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে কষ্টার্জিত অর্থ নিরাপদে লেনদেন করতে পারছেন। সাধারণ গ্রাহকেরা খুব সহজেই নগদ অ্যাপের ‘আমার নগদ’ অপশনে গিয়ে ‘অ্যাকাউন্টের ধরন’ পরিবর্তনের মাধ্যমে সাধারণ অ্যাকাউন্টকে ইসলামিক অ্যাকাউন্টে রূপান্তরিত করে নিতে পারেন। এছাড়া নগদ ইসলামিক অ্যাপের মাধ্যমে প্রবাসীরা বা স্থানীয় গ্রাহকরা ঘরে বসেই জাকাত, সদকা, হজ-ওমরাহর খরচ এবং ইসলামিক জীবন বিমার প্রিমিয়াম পরিশোধের মতো নানা ধরনের সুবিধাও পাচ্ছেন।