
মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় পাওয়া ১০ বছরের কারাদণ্ডের রায় থেকে খালাস চেয়ে সুপ্রিম কোর্টে আপিল আবেদন করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল দায়ের করা হয়েছে।
এর আগে গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ হাসানুল হক ইনুকে মোট ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন। ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে আনা তিনটি আলাদা অভিযোগের প্রতিটিতে ১০ বছর করে সাজার রায় দিলেও আদালত স্পষ্ট করেন যে এই সাজাগুলো একসঙ্গে কার্যকর হবে। ফলে তাকে সব মিলিয়ে ১০ বছর জেলেই কাটাতে হবে। জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থান দমনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কথোপকথনের ভিত্তিতে কমান্ড রেসপন্সিবিলিটি এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এই মামলা দায়ের করা হয়েছিল।
গত ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে পুলিশ হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে। উল্লেখ্য, জুলাই-আগস্টের আন্দোলনের ঘটনা ছাড়াও তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলার বিচারিক কার্যক্রমও চলমান রয়েছে।