
ভারতের একমাত্র ও প্রথম পেশাদার নারী সুমো পালোয়ান হেতাল দাভের জীবনের টানটান উত্তেজনাকর এবং অনুপ্রেরণাদায়ী গল্প নিয়ে তৈরি সিনেমা ‘সুমো দিদি’-র ট্রেলার প্রকাশ করেছে আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভ গ্লোবাল (Zee5 Global)। চলচ্চিত্রটি আগামী ২৩ অক্টোবর প্ল্যাটফর্মটিতে বিশ্বব্যাপী সরাসরি প্রিমিয়ার হতে যাচ্ছে। জিও স্টুডিওস, ফ্রেশ লাইম ফিল্মস এবং এমএ+টিএইচ এন্টারটেইনমেন্ট নেটওয়ার্কের যৌথ প্রযোজনায় নির্মিত এই বায়োপিকটি পরিচালনা করেছেন জয়ন্ত রোহাতগি।
সিনেমাটিতে হেতাল দাভের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শ্রিয়াম ভাগনানি। এক রক্ষণশীল মারওয়াড়ি পরিবারের মেয়ে হয়েও কীভাবে তিনি সামাজিক কুসংস্কার, নারীদের শারীরিক গঠন নিয়ে কুরুচিপূর্ণ দৃষ্টিভঙ্গি (বডি পলিটিক্স) এবং পিতৃতান্ত্রিক বাধা টপকে আন্তর্জাতিক সুমো কুস্তির মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছেন, তা এই চলচ্চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে। টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতো বিশ্বমঞ্চে প্রশংসিত হওয়ার পর এবার ওটিটিতে ডিজিটাল মুক্তির মাধ্যমে বিশ্বজুড়ে দর্শকদের সামনে আসছে ছবিটির এই লড়াইয়ের গল্প।
বলিউড ও আন্তর্জাতিক অঙ্গনে স্পোর্টস বায়োপিকের জনপ্রিয়তা তুলে ধরে চলচ্চিত্রটির পরিচালক জয়ন্ত রোহাতগি জানান, এটি একজন অদম্য নারীর ঘুরে দাঁড়ানোর এক অনন্য গল্প। কলকাতা থেকে শুরু করে মুম্বাই এবং জাপানের মনোরম প্রাকৃতিক পটভূমিতে সিনেমাটির দৃশ্যধারণ করা হয়েছে। মূল চরিত্রে অভিনয় করা শ্রিয়াম ভাগনানি চরিত্রটির শারীরিক ও মানসিক রূপান্তরের জন্য কঠোর পরিশ্রম করেছেন। এই বায়োপিকটি শুধু সুমো পালোয়ান হিসেবে হেতাল দাভের সফলতার গল্প নয়, বরং বৈষম্যের বিরুদ্ধে নিজের অধিকার ও অস্তিত্ব ছিনিয়ে নেওয়ার এক বলিষ্ঠ বার্তা বলে অভিহিত করেন নির্মাতা।