
বিদেশে অবস্থানরত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং দেশের ভেতরের বিরোধী শক্তি বিএনপি এই দুই রাজনৈতিক মেরুকরণের কারণে সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত করেই বর্তমান রাজনীতি পরিচালিত হচ্ছে এবং স্বৈরাচারী ও চাঁদাবাজ শক্তি এক হয়ে দেশ ধ্বংসের নীল নকশা তৈরি করছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এনসিপির শরীয়তপুর জেলা শাখা আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ, এবং চাকরিতে নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে এই প্রতিবাদী সভার আয়োজন করা হয়।
বক্তব্যে এনসিপির আহ্বায়ক বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের জীবন উৎসর্গের ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি না হলে তিনি লন্ডন থেকে দেশে ফিরে আসতে পারতেন না। তিনি আরও বলেন, দেশের অর্থ পাচারকারী চক্র কেবল পরিবর্তন হয়েছে পুরোনোদের জায়গায় নতুনরা এসে একই অপকর্ম শুরু করেছে। তাই তারেক রহমানের সংস্কার বা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে দল থেকে অবিলম্বে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের চিহ্নিত করে বহিষ্কার করতে হবে।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি প্রতিরোধে সরকারের ব্যর্থতার তীব্র সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, প্রতিটি খাতে সিন্ডিকেট গড়ে ওঠার কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এ সময় প্রশাসনের কর্মকর্তাদের কোনো রাজনৈতিক পক্ষপাত না করে নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। অনুষ্ঠিত এই নাগরিক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা এনসিপির আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিন।