
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৬ সালের বার্ষিক সম্মেলন। ১৯১টি দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও আন্তর্জাতিক অর্থনৈতিক নীতি-নির্ধারকদের এই বৃহত্তম বিশ্বমঞ্চে প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সপ্তাহব্যাপী আয়োজিত এ সম্মেলনে আইএমএফের সঙ্গে ৪৫০ কোটি (৪.৫ বিলিয়ন) মার্কিন ডলারের নতুন ঋণ কর্মসূচি চূড়ান্তে অত্যন্ত গুরুত্বপূর্য় আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১৮ অক্টোবর পর্যন্ত চলমান এই সম্মেলনে বাংলাদেশের ব্যাংক খাতের সার্বিক সংস্কার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধি এবং দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়গুলো প্রাধান্য পাবে। আইএমএফের নতুন তিন বছর মেয়াদি এই ৪.৫ বিলিয়ন ডলারের ঋণ সহায়তার পাশাপাশি ব্যাংক খাতের দুর্বলতা পুনর্গঠন ও জ্বালানি খাতের চলমান সংকট মোকাবিলায় বিশ্বব্যাংক ও আইএমএফের শীর্ষ কর্মকর্তাদের কাছে বাংলাদেশ সরকারের কৌশলগত অগ্রাধিকারগুলো তুলে ধরা হবে।
আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সামনে নিজেদের অর্থনৈতিক সংস্কারের সুনির্দিষ্ট চিত্র তুলে ধরে নতুন ফান্ডিং ও তহবিল সহায়তার অগ্রগতি নিশ্চিতে আশাবাদী বাংলাদেশের প্রতিনিধিদল। বহুজাতিক অর্থনৈতিক সংস্থার সাথে বৈঠকগুলোকে কেন্দ্র করে সম্মেলন প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বৈশ্বিক প্রায় ১৫ হাজার প্রতিনিধির অংশগ্রহণে আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কাড়ছে ব্যাংককের এই বার্ষিক আসর।