
বৃদ্ধা মাকে নিজের কাছে রাখতে অস্বীকৃতি জানিয়ে সমালোচনার মুখে পড়া পাবনার সাঁথিয়ার সেই গ্রাম পুলিশ সদস্য সাগর হোসেন অবশেষে আদালতের হস্তক্ষেপে নিজের ভুল স্বীকার করে মায়ের পুরো দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। একই সাথে মায়ের ভরণপোষণ নিশ্চিত করার অঙ্গীকার করে নিজের কৃতকর্মের জন্য মা ও দেশবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাঁথিয়া থানার আমলি আদালতে মা ও ছেলের বক্তব্য শোনার পর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বতঃপ্রণোদিত হয়ে তাদের মধ্যকার বিরোধ নিষ্পত্তির নির্দেশ দেন। এর আগে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এক শুনানিতে মা মুন্নি খাতুনকে খরচের টাকা দিতে চাইলেও নিজের কাছে রাখতে অপরাগতা প্রকাশ করেছিলেন ছেলে সাগর। ওই ঘটনার একটি হৃদয়বিদারক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়।
পরবর্তীতে আদালতের নির্দেশে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান নিজে তাদের আদালতে নিয়ে যান। সেখানে বিচারকের সামনে নিজের আচরণের জন্য গভীর অনুশোচনা প্রকাশ করেন সাগর হোসেন এবং ভবিষ্যতে এমন ভুল আর করবেন না বলে প্রতিশ্রুতি দেন। অবশেষে ছেলেকে কাছে পেয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে প্রবীণ মা মুন্নি খাতুনও ছেলের সব ভুল ক্ষমা করে দিয়ে নিজের অবশিষ্টাংশ জীবন ছেলের সংসারেই কাটানোর আগ্রহ প্রকাশ করেছেন।