
নিউ ইয়র্ক কমিক কন ২০২৬-এ অনুষ্ঠিত বহুল প্রতীক্ষিত 'নারুতো: হোয়াটস নেক্সট?' প্যানেল থেকে জনপ্রিয় অ্যানিমে ও মাঙ্গা ফ্র্যাঞ্চাইজি নারুতোর বেশ কয়েকটি নতুন এবং বড় প্রজেক্টের ঘোষণা দেওয়া হয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক হিসেবে নারুতোর মূল স্রষ্টা মাসাশি কিশিমোতোর হাতে আঁকা নতুন মাঙ্গা 'নারুতো শ্যাডো রাইজিং' এবং একটি চার পর্বের সীমিত অ্যানিমে সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। একই সাথে একটি সুপার টিজার ট্রেইলার প্রকাশের মাধ্যমে মাঙ্গাটির আগমনী বার্তা দেওয়া হয়। আগামী ১৯ ও ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া জাম্প ফেস্টা ২০২৭-এর মঞ্চে এই নতুন মাঙ্গা সম্পর্কিত বিশদ বিবরণ প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
প্যানেলে ঘোষিত অন্যান্য প্রজেক্টের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে 'নারুতো x নিনকু' নামের একটি স্পেশাল টিভি অ্যানিমে সীমিত সিরিজ। মোট চারটি পর্বে নির্মিত হতে যাওয়া এই অ্যানিমে সিরিজটির একটি টিজার ট্রেইলার এবং কি-ভিজ্যুয়াল ইতোমধ্যে উন্মোচন করা হয়েছে। উভয় মাঙ্গার মূল স্রষ্টাগণ এই অ্যানিমে সিরিজটি সার্বিক তত্ত্বাবধান করবেন। স্টুডিও পিয়েরো-র ব্যানারে অ্যানিমেটি পরিচালনা করবেন নোরিয়ুকি আবে, আর ক্যারেক্টার ডিজাইনার ও চিফ অ্যানিমেশন ডিরেক্টর হিসেবে থাকছেন তেতসুয়া নিশিয়ো। এই সিরিজে সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন ইয়াসুহারু তাকানাসি, ইয়াইবা এবং ইউসুকে হনমা।
এ ছাড়া নারুতো ফ্র্যাঞ্চাইজির দীর্ঘমেয়াদি উন্নতির রূপরেখা হিসেবে 'প্রজেক্ট রাসুলগান' নামক একটি বিশেষ মাস্টারপ্ল্যান প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে ২০২৯ সাল পর্যন্ত মাঙ্গা, অ্যানিমে, ট্রেডিং কার্ড ও গেমিং খাতে একাধিক নতুন প্রজেক্ট বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্যানেলে ২০১৬ সালে চীনে প্রথম মুক্তি পাওয়া জনপ্রিয় 'নারুতো মোবাইল' গেমটির বিশ্বব্যাপী মুক্তির কথা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ২০২৭ সালের জুনে বিশ্বজুড়ে উন্মোচনের লক্ষ্যে 'নারুতো কার্ড গেম'-এর তিনটি স্টার্টার ডেক এবং প্রথম বুস্টার প্যাকের ফার্স্ট লুক প্রকাশ করা হয়, যা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা নারুতো ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।