
বৈদ্যুতিক যানবাহনের যুগে এক নতুন এবং দুর্দান্ত অধ্যায়ের সূচনা করল ব্রিটিশ বিলাসবহুল অটোমোবাইল ব্র্যান্ড জাগুয়ার। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে এক জাঁকজমকপূর্ণ বিশ্ব প্রিমিয়ারের মাধ্যমে ব্র্যান্ডটি উন্মোচন করেছে তাদের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ও প্রযুক্তিগতভাবে সবচেয়ে উন্নত লাক্সারি কার 'জাগুয়ার টাইপ ০১'। টাইমস স্কয়ার থেকে শুরু করে ডিইএমবিও এবং শহরের বিভিন্ন ডিজিটাল ডিসপ্লেতে চোখ ধাঁধানো প্রমোশনের মধ্য দিয়ে গাড়িটির অভিষেক ঘটে। সুপ্রাচীন ঐতিহ্যবাহী ই-টাইপ এবং এক্সজেএস মডেলের উত্তরাধিকার বহন করে এই নতুন ফোর-ডোর লাক্সারি গ্র্যান্ড ট্যুরোর গাড়িটি আধুনিক প্রযুক্তির এক অনন্য নিদর্শন হয়ে আত্মপ্রকাশ করেছে।
সম্পূর্ণ যুক্তরাজ্যে ডিজাইন ও প্রকৌশলে তৈরি জাগুয়ার টাইপ ০১ এর মূল ভিত্তি হলো তাদের নিজস্ব 'জাগুয়ার ইলেকট্রিক আর্কিটেকচার'। গাড়িটিতে ব্যবহার করা হয়েছে ৮৫০-ভোল্টের বৈদ্যুতিক সিস্টেম, যা থেকে অনায়াসেই ১ হাজার হর্সপাওয়ারের বেশি শক্তি উৎপাদিত হয়। এর ফলে গাড়িটি চালকদের দেবে এক অবিশ্বাস্য ও নিখাদ জাগুয়ার ড্রাইভের অভিজ্ঞতা। ব্যাটারির পারফরম্যান্সের দিক থেকেও এটি অসাধারণ; একবার চার্জে গাড়িটি প্রায় ৪০০ মাইল বা ৬৪৪ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম এবং ৩৫০ কিলোওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির মাধ্যমে মাত্র ১৩ মিনিটে প্রায় ২০০ মাইল চার্জ করা সম্ভব। এর এক্সুবারেন্ট ডিজাইন, লো রুফলাইন এবং দীর্ঘ বনেটের কারণে এটি বিশ্বের অন্যতম অ্যারোডাইনামিক এবং আকর্ষণীয় ইলেকট্রিক রোড কার হিসেবে জায়গা করে নিয়েছে।
নিউইয়র্কের ঐতিহাসিক এই অনুষ্ঠানে জাগুয়ারের নতুন যুগের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অস্কারজয়ী বিখ্যাত হলিউড অভিনেত্রী ফ্লোরেন্স পিউ-এর নাম ঘোষণা করা হয়। এছাড়া অনুষ্ঠানে পারফর্ম করেন এমটিভি মিউজিক অ্যাওয়ার্ড জয়ী ব্রিটিশ শিল্পী সিয়েনা স্পিরো। জাগুয়ারের ব্যবস্থাপনা পরিচালক রডন গ্লোভার জানিয়েছেন যে ডিজাইন ও ইঞ্জিনিয়ারিংয়ের মাঝে কোনো আপস না করেই একটি কাঙ্ক্ষিত মাস্টারপিস তৈরি করাই ছিল এই টাইপ ০১ মডেলের মূল লক্ষ্য। আগামী ২০২৭ সালের শুরুর দিকে গাড়িটির অর্ডার নেওয়া শুরু হবে এবং এর প্রাথমিক বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ব্রিটিশ পাউন্ড বা ১৩০,০০০ জিবিপি থেকে। ১৯৩৫ সালে জাগুয়ার ব্র্যান্ডের যাত্রা শুরু হওয়ার পর এটিই ব্র্যান্ডটির ইতিহাসে সবচেয়ে বড় ও রোমাঞ্চকর মুহূর্ত বলে অভিহিত করা হচ্ছে।