প্রিন্ট এর তারিখঃ Oct 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 9, 2026 ইং
ঢাকায় কবরস্থানের সংকট, বড় পরিসরে নতুন কবরস্থান নির্মাণের উদ্যোগ ডিএনসিসির
রাজধানীতে জনসংখ্যা বাড়ার সঙ্গে আবাসন, ব্যবসা প্রতিষ্ঠান ও সড়কের পরিমাণ বাড়লেও কবরস্থানের জন্য পর্যাপ্ত জায়গা তৈরি হয়নি। ফলে বিদ্যমান কবরস্থানগুলোতে জায়গার সংকট তীব্র হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রে একটি কবরের ওপরই বারবার দাফন করতে হচ্ছে। এ পরিস্থিতি বিবেচনায় বড় পরিসরে নতুন একটি কবরস্থান নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানিয়েছেন, বিভিন্ন হাউজিং প্রতিষ্ঠানের কাছ থেকে মন্ত্রণালয়ের মাধ্যমে জমি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল রাজধানীর মিরপুর-১৩ নম্বরে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ‘বিশ্ব আয়ুর্বেদিক দিবস’ উপলক্ষে আয়োজিত কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ডিএনসিসি প্রশাসক বলেন, কবরস্থান সংকট নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও সিটি করপোরেশন আগে থেকেই নতুন কবরস্থান নির্মাণের বিষয়ে কাজ করছে। বড় পরিসরের জায়গা খোঁজা হচ্ছে। বিভিন্ন হাউজিং প্রতিষ্ঠানের কাছ থেকে মন্ত্রণালয়ের মাধ্যমে জমি কিনে সেখানে একটি কবরস্থান নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে এবং উদ্যোগটি বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, ঢাকার জনসংখ্যা দিন দিন বাড়ছে। মানুষের বসবাসের জন্য আবাসন, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা তৈরি হলেও কবরস্থানের বিষয়টি অনেক সময় গুরুত্ব পায় না। অথচ একজন মানুষ মারা যাওয়ার পর তাকে দাফন করার জন্য নির্দিষ্ট জায়গার প্রয়োজন হয়। নগরায়ণের কারণে সেই জায়গা ক্রমেই সংকুচিত হচ্ছে।
শফিকুল ইসলাম খান আরও বলেন, স্থানীয় সরকার নির্দেশনা অনুযায়ী কবরস্থানের জায়গার সংকট মোকাবিলায় সিটি করপোরেশন উদ্যোগ নিয়েছে। কাজটি খুব দ্রুত সম্পন্ন করা সম্ভব না হলেও এখন থেকেই এর জন্য কার্যক্রম শুরু করা প্রয়োজন। ডিএনসিসির পক্ষ থেকে বড় ধরনের একটি কবরস্থান নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর ‘শান্তি নেই মৃত্যুর পরও..., ঢাকায় কবরস্থান সংকট, বনানীতে দাম সাড়ে ৪ কোটি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় বাংলাদেশ প্রতিদিনে। এরপর কবরস্থান সংকট সমাধানে নতুন করে উদ্যোগ নেয় ডিএনসিসি।
বর্তমানে সিটি করপোরেশনের আওতাধীন কবরস্থানগুলোতে জায়গার সংকটের কারণে একই কবরের ওপর একাধিকবার দাফন করা হচ্ছে। ডিএনসিসি প্রশাসকের মতে, নগরীর ক্রমবর্ধমান জনসংখ্যার বিষয়টি বিবেচনায় নিয়ে এখনই দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা জরুরি। নতুন ও বড় পরিসরের কবরস্থান নির্মাণের মাধ্যমে ভবিষ্যতের এ সংকট কিছুটা হলেও মোকাবিলা করা সম্ভব হবে।