
সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের মামাতো ভাই এবং সাটুরিয়ার হরগজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন খান জ্যোতিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় ও প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন আনোয়ার হোসেন খান জ্যোতি। হরগজ ইউনিয়নের বালুরচর এলাকার বাসিন্দা মমতাজ উদ্দিনের ছেলে জ্যোতি দীর্ঘকাল ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে এবং আইনি বিধিবিধান অনুযায়ী তাকে আদালতে সোপ্পর্দসহ পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।