
এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে ভারত। শিরোপা জয়ের পর ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি মিঠুন মনহাসের মন্তব্য ঘিরে নতুন করে আলোচনায় এসেছে দুই দলের প্রতিদ্বন্দ্বিতা।
মিঠুন মনহাস মনে করেন, সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় দলের দাপুটে পারফরম্যান্সের কারণে পাকিস্তানকে এখন আর প্রতিপক্ষ হিসেবে দেখেন না তিনি।
ভারতের সোনাজয়ের পর মিঠুন বলেন, ‘ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েছে। আমি মনে করি পাকিস্তান এখন আমাদের প্রতিপক্ষই নয়। যেভাবে আমাদের দল চাপ সামলাতে পারে, বিশ্বের অন্য কোনো দেশ তা পারে না।’
এশিয়ান গেমসে ক্রিকেটে এটি ভারতের টানা দ্বিতীয় স্বর্ণপদক। আগের আসরেও সোনা জিতেছিল ভারত। এবারও সেই ধারাবাহিকতা ধরে রেখে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে তারা।
মিঠুনের দাবি, প্রতিযোগিতায় ভারতের দলই সেরা ছিল। তিনি বলেন, ‘আমাদের দল প্রতিযোগিতার সেরা। আমরা গতবারের চ্যাম্পিয়ন। সেভাবেই এবার খেলেছি। আমাদের ধারেকাছে অন্য কোনো দল নেই।’
ফাইনালে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অভিষেক শর্মা ও তিলক বর্মা। দুজনের পারফরম্যান্সের প্রশংসা করে বিসিসিআই সভাপতি বলেন, এটি দলগত খেলা হলেও তিলক দুর্দান্ত ব্যাটিং করেছেন। আর ইনিংসের শুরুতে অভিষেক শর্মা শক্ত ভিত গড়ে দিয়েছিলেন।
বোলারদের পারফরম্যান্সেরও প্রশংসা করেন মিঠুন। তাঁর মতে, ব্যাটাররা যে কাজ শুরু করেছিলেন, বোলাররা সেটিই সফলভাবে শেষ করেছেন। বিশেষ করে ছোট মাঠে রান আটকানো কঠিন হলেও চাপের মধ্যে ভারতীয় বোলাররা নিজেদের নিয়ন্ত্রণে রেখে ম্যাচ বের করে নিয়েছেন।
মিঠুন বলেন, ‘ভারতের ব্যাটাররা যে কাজটা শুরু করেছিল, সেটা শেষ করেছে বোলারেরা। চাপের মধ্যেও বোলারেরা খেই হারায়নি। ছোট মাঠে রান বাঁচানো কঠিন। কিন্তু আমরা দেখিয়েছি, কেন আমরা চ্যাম্পিয়ন।’