
কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে (কেএলসিসি) শুরু হয়েছে তিন দিনব্যাপী মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রদর্শনী ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচারাল এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স (ইনট্যাক-২০২৬)’। এই আন্তর্জাতিক মেলায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন এবং দেশের স্বনামধন্য ট্রাভেলটেক প্রতিষ্ঠান এম ৩৬০ আইসিটি যৌথভাবে অংশগ্রহণ করেছে। মেলার দুটি সুসজ্জিত বুথে বাংলাদেশের অনন্য পর্যটন সম্ভাবনা, আকর্ষণীয় পর্যটন গন্তব্য এবং আধুনিক পর্যটন প্রযুক্তির বিভিন্ন সেবা আন্তর্জাতিক দর্শনার্থীদের সামনে তুলে ধরা হচ্ছে।
মেলার উদ্বোধনী দিনে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বাংলাদেশ বুথসহ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি বিদেশি দর্শনার্থীদের কাছে বাংলাদেশকে একটি আকর্ষণীয় ও নিরাপদ পর্যটন গন্তব্য হিসেবে উপস্থাপন করেন। এছাড়া মেলার প্রধান অতিথি ও ডেপুটি ডাইরেক্টর জেনারেল একবাল সেতিয়াও বাংলাদেশের বুথ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। মেলার অংশ হিসেবে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শামিমার নেতৃত্বে প্রবাসী বাংলাদেশি শিল্পীদের পরিবেশিত ঐতিহ্যবাহী নাচ ও গান এবং বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সংবলিত ভিডিও চিত্র দর্শনার্থীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়। এবারের ইনট্যাক-২০২৬ মেলায় ২৫টি দেশের ১৫৫টি বুথ অংশ নিয়েছে, যার মাধ্যমে বাংলাদেশের পর্যটন খাত ও প্রযুক্তি সেবাকে বিশ্বমঞ্চে আরও পরিচিত করার এক নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।