
গত কয়েক বছরে বড় পর্দায় শাকিব খানকে মূলত অ্যাকশনধর্মী চরিত্রেই দেখা গেছে। ‘তুফান’, ‘তাণ্ডব’, ‘বরবাদ’ ও ‘প্রিন্স’-এর মতো সিনেমায় অ্যাকশন অবতারে দর্শকদের সামনে এসেছেন তিনি। কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘রকস্টার’-এ গায়ক চরিত্রেও নজর কেড়েছেন এই অভিনেতা। এবার সেই অ্যাকশন ঘরানা থেকে বেরিয়ে আবারও প্রেমের গল্পে ফিরছেন শাকিব।
শাকিব খানের নতুন সিনেমার নাম ‘মহব্বত’। সিনেমাটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। প্রেমের গল্পের সিনেমা নির্মাণে পরিচিত এই নির্মাতার সঙ্গে এর আগে ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমায় কাজ করেছেন শাকিব। দুই সিনেমাতেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ।
দুই বছরেরও বেশি সময় পর আবারও হিমেল আশরাফের পরিচালনায় দেখা যাবে শাকিব খানকে। সিনেমাটির নাম বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে একটি পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা।
প্রকাশিত পোস্টারে দেখা যায়, কালো ওভারকোট পরা এক যুবক হেঁটে যাচ্ছেন। তাঁর হাত ধরে রয়েছেন এক তরুণী। পোস্টারের ওপরে লাল অক্ষরে লেখা রয়েছে ‘মহব্বত’। সিনেমার নায়ক হিসেবে শাকিব খানের নাম জানা গেলেও এখনো নায়িকার পরিচয় প্রকাশ করা হয়নি।
সিনেমার নাম ঘোষণার সঙ্গে নিজের পোস্টে নির্মাতা হিমেল আশরাফ লিখেছেন, “কখনো কখনো ভালোবাসার জন্য মূল্য চোকাতে হয়; কখনো এটি প্রতিজ্ঞা আর কখনো এক লড়াই। ‘মহব্বত’, এক নতুন গল্পের নতুন যাত্রার শুরু।”
নামের পাশাপাশি সিনেমাটির মুক্তির সময়ও জানানো হয়েছে। আগামী বছরের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মহব্বত’। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর মতো এই সিনেমাটিও প্রযোজনা করছেন আরশাদ আদনান।
ফলে শাকিব খান, হিমেল আশরাফ ও আরশাদ আদনানের সফল ত্রয়ী আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছে। এবার প্রেমের গল্পে শাকিবকে নতুনভাবে দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে আগামী কোরবানির ঈদ পর্যন্ত।