
রাডার ক্লিনিক দখলের মতো চাঞ্চল্যকর ঘটনার ক্ষেত্রে কেবল দলীয় বা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করাই যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ও দৃশ্যমান আইনি ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানান।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, রাতের অন্ধকারে রাড্ডা ক্লিনিক দখলের ন্যক্কারজনক ঘটনার পর সরকার ও ক্ষমতাসীন দল বাধ্য হয়ে কিছু সাংগঠনিক পদক্ষেপ নেওয়া শুরু করেছে। তবে এত বড় অপরাধের জন্য এ ধরনের ব্যবস্থা কোনোভাবেই যথেষ্ট হতে পারে না। দেশের সাধারণ মানুষ ও সচেতন নাগরিক সমাজ এই অপরাধীদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য আইনি পদক্ষেপ এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চায়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ও লুটপাট হওয়া ওই স্বাস্থ্যকেন্দ্রটি সরকারের পক্ষ থেকেই টেকসইভাবে পুনর্নির্মাণ করার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।